বঙ্গোপসাগরে শতাধিক ট্রলারডুবি, ১৫টি মৃতদেহ উদ্ধার, নৌ কমাণ্ডারসহ শতাধিক জেলের মৃত্যুর আশংকা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন শতাধিক ট্রলার ডুবে গেছে। এতে তিন শতাধিক জেলের মৃত্যুর আশংকা করছেন ট্রলার মালিক ব্যবসায়ীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলরক্ষী এবং বনবিভাগ ১৫টি লাশ উদ্ধার করেছে।
এরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামের হাতেম আলী (৫৫), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৌডুবির কবির (৩৫), পটুয়াখালির কলাপাড়ার আব্দুর রাজ্জাক (৪৪) ও রিপন। অন্যদের সনাক্ত করা যায়নি।
ঝড়ের কবলে পড়ে নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের একটি জাহাজও উল্টে যায়। জাহাজটির ৪৪ জন নৌ সদস্য নিরাপদে উদ্ধার হলেও এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির এখনও নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেদের মধ্যে কমপক্ষে ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে বেঁচে যাওয়া জেলে ও মৎস্য মালিক সমিতির লোকজন আশংকা করছেন।
দুবলার চর, কচিখালি, নারকেলবাড়িয়া এবং বলেশ্বরসহ কয়েকটি এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের অধিকাংশের বাড়ী বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন এলাকায়।
নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড হেলিকপ্টার এবং উদ্ধারকারী জাহাজ ব্যবহার করছে। বুধবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সাগর প্রচন্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযান মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে সাগর অশান্ত হয়ে উঠলে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টের কাছে খুলনা নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের একটি জাহাজ আংশিক উল্টে যায়। এ ঘটনার পর থেকে জাহাজের কমান্ডিং অফিসার ফিরোজ কবির নিঁেখাজ রয়েছেন।
বুধবার সকালে মংলা থেকে ৭৪ কি.মি. দূরে সমূদ্রসীমায় জাহাজটিকে চরে আটকে থাকা অবস্থায় সনাক্ত করা হয়। এর ৪৪ জন নৌ সদস্যকে উদ্ধার করা হলেও নিখোঁজ কমাণ্ডারের কোনো হদিস মেলেনি। তাকে উদ্ধার করতে হেলিকপ্টার ও মংলা বন্দরের নৌযানসমূহ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী।
বদরুদ্দোজা চৌধুরী জানান, দুবলার চর, কচিখালীসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও স্থানীয় উদ্ধারকারী জেলেরা ১৫ জেলের লাশ উদ্ধার করেছে। তাদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। লাশগুলো স্থানীয় থানা ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প স্টেশন ও রেঞ্জ অফিসে নিমজ্জিত বিভিন্ন জেলে নৌকার শতাধিক জেলে আশ্রয় নিয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, ঝড়ে চকোরিয়া এবং বাঁশখালী এলাকায় ৬০টি ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত ৪০জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, ট্রলারডুবির ঘটনায় ফিরে আসা জেলেদের তথ্য মতে ২৬৫ জন জেলের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। দুবলার চর থেকে ফিরে আসা জেলেরা অর্ধ শতাধিক লাশ ভাসতে দেখেছে বলে জানিয়েছে। পাথরঘাটার বিএফডিসিতে ফিরে আসা জেলেদের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পাথরঘাটায় ১০ মেট্রিক টন চাল, ১০০ লুঙ্গি, ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, মঙ্গলবার ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রচন্ড ঘূর্ণিঝড়ে ছয় শতাধিক জেলেসহ তিন শতাধিক ট্রলার নিখোঁজ হয়। ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৪২জনকে। এদের মধ্যে মূমুর্ষু ৩৩ জনকে মহীপুর স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, তারা ২৪ ঘন্টারও বেশী সময় ধরে সাগরে ভাসছিলেন। স্থানীয় বাসিন্দা, নিখোঁজ জেলের পরিবার এবং মৎস্য ও ট্রলার মালিক সমিতির সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ট্রলারে করে গিয়ে তাদের উদ্ধার করে। আরও অসংখ্য জেলেকে তারা সাগরে ভাসতে দেখেছেন।
নিখোঁজ জেলেদের পরিবার এবং ফিরে আসা জেলেরা বলেছেন, খুব শিগগিরই ভাসমান জেলেদের উদ্ধার করা না গেলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে। প্রতিক’ল আবহাওয়ায় আর খাবারের অভাবে তারা বেশীক্ষণ আর ভেসে থাকতে পারবে না।
জেলেরা জানান, তাদের যখন উদ্ধার করা হয় তখন অনেক ভাসমান জেলেই বাঁচার আশায় হাত উঁচিয়ে চিৎকার করে সাহায্য চাচ্ছিল। কিন্তু সাগর উত্তাল থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
রহিমা বোটে উদ্ধার পাওয়া এক জেলে জানান, তারা ২৩ জন জেলে একটি কাঠের তক্তা আঁকড়ে ধরে ছিলেন। শেষপর্যন্ত তারা ১১জন ছিলেন। বাকিরা ভেসে গেছেন স্রোতের তোড়ে।
স্থানীয় আড়তদার আব্দুল মালিক কান্নায় ভেঙ্গে পড়ে জানান, ঝড়ে তার একারই চারটি ট্রলার ডুবে গেছে। তার মতো অনেক ব্যবসায়ী এ ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন। তার মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বঙ্গোপসাগরের তীরে নিখোঁজ জেলেদের স্বজনরা উৎকণ্ঠা আর চিৎকারে বাতাস ভারী হয়ে উঠেছে। মহীপুর, আলীপুরে কোন ট্রলার এসে ভিড়লেই তারা হুমড়ি খেয়ে পড়ছেন স্বজনদের আশায়।
বয়োজ্যেষ্ঠ কয়েকজন জানান, গত তিন দশকেও এমন বিপর্যয় ঘটেনি।
ঝড়ের কবলে পড়ে দুই শতাধিক পরিবার বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে তিন পর্যটক আহত হয়েছে।
