২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ । ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের পানি সম্পদ মন্ত্রী সাইফ উদ্দিন সোজ।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুদেশের মধ্যকার অভিন্ন নদীর তীর সংরক্ষণের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা নিরসন এবং যৌথ টাস্ক ফোর্সের মাধ্যমে ইছামতি নদীতে ড্রেজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয়পক্ষ আশা প্রকাশ করেছে।

উল্লেখ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ১০/১২টিতে ব্যাপক হারে ভাঙ্গনের কারণে বাংলাদেশ ভূমি হারাচ্ছে। এসব নদীর তীর সংরক্ষণের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিডিআর ও বিএসএফ উভয়ই বিভিন্ন সময় বাধা দেয় বলে উভয় দেশের অভিযোগ রয়েছে। এ কারণে নদীর তীর সংরক্ষণের কাজ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।

এ সমস্যা নিরসনে গত বছর ঢাকায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের ৩৬ তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ১৫ - ১৯ সেপ্টেম্বর দুদেশের পানি সম্পদ মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল সীমান্ত নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আজকের বৈঠকে মিলিত হন।