আনুষ্ঠানিক সম্প্রচার’ বিষয়ে বৈশাখী টেলিভিশনের ব্যাখ্যা
বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কেএম শহীদুলাহ মঙ্গলবার চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
এর আগে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারকে ‘পরীক্ষামূলক স¤প্রচার’ উল্লেখ করে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।
বিবৃতিতে শহীদুল্লাহ বলেন, অন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মতো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন না করার ফলে বৈশাখী টেলিভিশন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচার চলছে। কিন্তু প্রকৃত সত্য হলো ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সাদামাটাভাবে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বৈশাখী টেলিভিশন তার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে এবং শুরু থেকে এ পর্যন্ত বিরতিহীন ২৪ ঘন্টা সম্প্রচার চালাচ্ছে। বৈশাখী একদিনের জন্যও তার সম্প্রচার বন্ধ রাখেনি, তাই ‘পরীক্ষামূলক সম্প্রচার’ কথাটি অবান্তর ও বিভ্রান্তিমূলক।
বিবৃতিতে আরো বলা হয়, বৈশাখী বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি ‘সংবাদ প্রবাহ’ নামে দুটি নতুন বুলেটিনসহ প্রতিদিন চারটি সংবাদ বুলেটিন প্রচার করছে। আর দ্রুত নতুন আঙ্গিকে পূর্ণ সংবাদ শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি মাস থেকে নতুন করে সাজানো হচ্ছে বৈশাখীর বার্তা বিভাগ। প্রচলিত ধারা ভেঙ্গে সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে ইতিমধ্যে বৈশাখীর সঙ্গে যোগ দিয়েছেন দেশের সেরা কয়েকজন সাংবাদিক এবং সঙ্গে থাকবেন তরুণ প্রজন্মের একদল প্রশিক্ষিত সাংবাদিক।
শহীদুল্লাহ বলেন, একটি মহল বৈশাখীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই বলেও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তা সত্য নয়। অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বাংলাদেশে বিটিভি ছাড়া বৈশাখীই হচ্ছে একমাত্র টেলিভিশন চ্যানেল যার রয়েছে প্রায় হাজার বর্গফুটের একটিসহ মোট দুটি নিজস্ব শুটিং স্টুডিও।
এ ছাড়া বৈশাখী সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে আরো যাচাই--বাছাই করার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানান।
