২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অচলাবস্থার কারণে ব্যাবসায়ীরা চরম হতাশ : বিউটেনিস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস মঙ্গলবার বলেছেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে ব্যাবসায়ী মহলের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমি মনে করি ব্যাবসায়ী মহল রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসানোর যে চেষ্টা করছে, তার প্রতি সম্মান জানিয়ে তাদের একসাথে বসে নির্বাচন সম্পর্কে বিদ্যমান মতপার্থক্য দূর করে একটা সমঝোতায় পৌছানো উচিত।’ 

বিউটেনিস সরকার ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের মধ্যে বিরাজমান বিরোধ মিমাংসার জন্য সংলাপে বসার পরামর্শ দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে। তিনি মনে করেন আক্ষরিক অর্থেই ব্যবসায়ীরা আন্তরিকভাবে চাইছেন রাজনৈতিক দল দু’টো আলোচনায় বসুক। দেশের স্বার্থের কথা চিন্তা করে রাজনৈতিক নেতৃবৃন্দ একটি সমাধানে পৌছাবেন বলেও বিউটেনিস আশা প্রকাশ করেন।  

বিউটেনিস সরাসরি বৈদেশিক বিনিয়োগে উৎসাহ যোগানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এখানে ব্যবসা করাই একটা চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, আমরা সবাই একমত যে বিশেষ করে, ম্যানুফ্যাক্চারিং খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষনের জন্য অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে।

অনাবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে  নিউইয়র্কে একটি প্রদর্শনী আয়োজনে ডিএসই কর্তৃপক্ষকে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেয়ারও আশ্বাস দেন।

প্রসঙ্গত, ঢাকা স্টক এক্সচেঞ্জ অনাবাসী বাংলাদেশীদের, দেশে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরণের অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করেছে।  চলতি অর্থবছরের প্রথম দুইমাসে অনাবাসী বাংলাদেশীরা ৮৯০ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল্লাহ আহমেদ খান বলেন, অনাবাসী বাংলাদেশীদের পাঠানো  অর্থের বেশির ভাগই বিনা কারণে খরচের খাতায় চলে যায়। আমরা অনাবাসী বাংলাদেশীদের প্রতি দেশে বিনিযোগ করার আহবান জানাবো।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সহ-সভাপতি আহমেদ রশিদ আলী মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে নির্বাচনই দেশের সামনে প্রধান চ্যালেঞ্জ। অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্যই নির্বাচন নিয়ে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাতে হবে।