২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদকে পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা নিয়ে অনিশ্চয়তা

চলতি মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে ঘোষণা করার বিষয়টি অনিশ্চয়তার মূখে পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নির্মানাধীন অবকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করায় এ অনিশ্চয়তা দেখা দেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল করিমের নেতৃত্বে শুল্ক বিভাগের একটি  প্রতিনিধি দল বন্দরের অবকাঠামো নির্মাণ এবং প্রাক উদ্বোধনী বিষয় খতিয়ে দেখার জন্য ১৬ সেপ্টেম্বর সোনামসজিদ স্থল বন্দর পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব আজম-ই-সাদাত, রাজশাহী বিভাগের শুল্ক কমিশনার সুলতান হাসান মাহমুদ, যুগ্ম কমিশনার মজিবুর রহমান, কর কমিশনার মীর মোস্তাক, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ আলম মৃধা।

সূত্র জানায়, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান বিওটি (বিল্ট অপারেট এন্ড ট্রান্সফার) পদ্ধতিতে দ্রুত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তবে পূর্ণাঙ্গবন্দর হিসাবে চালু করার মতো অবকাঠামো নির্মাণ এখনো শেষ হয়নি। ওয়্যার হাউজ সুবিধাও যথেষ্ট নয়। তাই রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সম্মেলন কক্ষে শুল্ক বিভাগের কর্মকর্তা ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে মত বিনিময় করেন। সে সময় তিনি বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বন্দর উন্নয়নের কাজ অনেকদুর এগিয়েছে। তবে বন্ডেড ওয়্যার হাউজ হিসাবে ঘোষণা করার মতো অবস্থায় পৌঁছেনি। তারপরও দ্রুত বন্দর চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালক (প্রশাসন) আশরাফুল আলম রশিদ বিডিনিউজকে বলেন, ‘এনবিআর চেয়ারম্যানের পরিদর্শনের দিন টানা আড়াই ঘন্টার বৃষ্টির কারণে বন্দরের বিভিন্ন স্থানে পানি জমে যায়। পরিদর্শনের কোন পরিবেশই ছিল না। তাই তিনি (এনবিআর চেয়ারম্যান) অসন্তোষ প্রকাশ করেছেন। অবকাঠামোগত কোন ত্র“টির কথা বলেননি। ’

পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে ঘোষণার বিষয়টি স্থলবন্দর ও নৌ-পরিবহন, অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরের উপর নির্ভর করছে। তবে এ মাসের শেষ নাগাদ এটি উদ্বোধন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।