রাজশাহীতে র্যাবের ‘ক্রসফায়ারে’ মাদক ব্যবসায়ী নিহত
রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার একটি আবাসিক হোটেলে সোমবার সকাল সোয়া ১১টায় র্যাবের ‘ক্রসফায়ারে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহতের নাম নাহিদ ইসলাম (২৮)। তিনি গাজীপুর জেলার জয়দেবপুরের শরিফুল ইসলামের ছেলে। নাহিদ ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল ক্ল্যাসিকে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নাহিদ এবং তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা চালায়।
উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় নাহিদ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিতে তার মস্তক ছিন্নভিন্ন হয়ে যায়।
এসময় র্যাব নাহিদের অপর দুই সহযোগী জাম্মাবার ওরফে জানবার এবং দীলিপকে গ্রেপ্তার করে। জানবারের বাড়ি বাঘা উপজেলার মনিগ্রামে এবং দীলিপের বাড়ি ঢাকার সাভারে। জানবারের বিরুদ্ধে মাদক সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশী রিভলবার উদ্ধার করেছে।
