ব্রাক্ষ্মণবাড়িয়ায় আ.লীগের জনসভায় বোমা বিস্ফোরণ, আহত ২০
ব্রাক্ষ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এক জনসভায় বোমা বিস্ফোরণে শনিবার ২০ জন আহত হয়েছে। জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৭টার দিকে আ.লীগ নেতা এবাদুল করিম বুলবুলের জনসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরুর পরপরই সাবেক যুবলীগ নেতা আল মামুন মঞ্চে উঠে বুলবুলের হাতে থাকা মাইক্রোফোন কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলেন। এর পরপরই সভাস্থলে দুটি বোমা বিস্ফোরিত হয়। স্পিন্টারের আঘাতে অন্তত ২০ জন আহত হয় বলে তারা জানান।
উল্লেখ্য, বুলবুল আগামী সংসদ নির্বাচনে ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
এদিকে নবীনগর থানা পুলিশ জানায়, বিটঘরের ওই জনসমাবেশের ব্যাপারে তাদেরকে আগে থেকে কিছু না জানানোয় সেখানে পুলিশ পাঠানো হয়নি।
পুলিশ আরো জানায়, নবীনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
