২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়ের বদলে দশ!

কুড়িগ্রামের কৃষক আব্দুল মজিদ জানতেন না বিএসএফ তার গাভীটি ফেরত দিবে। তবে দিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে একটি বাছুরসহ ফেরত দিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তবে নিজেদের গাঁট থেকে অতিরিক্ত বছুরটি দেয়নি বিএসএফ। ধরে নেওয়ার মাত্র ২১ ঘন্টার মধ্যে গাভীটি একটি বাছুর প্রসব করে। ফলে ফেরত দেয়া হয় সেটিসহ।

শুক্রবার বিএসএফ সদস্যরা কুড়িগ্রামের ৩ কৃষকের ৯টি গরু জোর করে ধরে নিয়ে যায়। পর দিন বাচ্চাসহ সবমিলে ১০টি গরু তারা ফেরত দেয়।

বিডিআর সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী ঝাউবাড়ী গ্রামে দুপুরে ঘাস খাওয়ার সময় ৯টি গরু ভারতের কাকড়ীপাড়া বিএসএফ টহলদলের সদস্যরা জোর করে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর বড়াইবাড়ী বিডিআর বিওপি থেকে কড়া প্রতিবাদসহ গরু ফেরত চেয়ে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খেওয়াচর গ্রামে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সাড়ে ১১টার দিকে গরুগুলো ফেরত দেয়া হয়।

বড়াইবাড়ী বিডিআর বিওপির কমান্ডার আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।