২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ২

কলারোয়া উপজেলার সাংবাদিক বেল্লাল দফাদারকে (৩৮) বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

উপজেলার কাজিরহাট থেকে বাড়ি ফেরার পথে পিছলাপুর এলাকায় কয়েকজন তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে খুলনা ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাংবাদিক বেল্লাল কলারোয়া উপজেলার দিগং গ্রামের মোছাব্বের দফাদারের ছেলে। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক জনবাণী পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তার ভাই রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত সাংবাদিকের বোন জাবেদা খাতুন ও বোন জুলফিকার দফাদার জানান, কাজীরহাট বাজারের পাঁচ শতক জমি নিয়ে একই এলাকার রহিম বক্সের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের দখলে থাকা ওই জমি জোট সরকার ক্ষমতায় আসার পর আব্দুর রহিম স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় দখল করে নেয়। বিষয়টি নিয়ে বেল্লাল দফাদার সাতক্ষীরা সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। আগামীকাল ১৭ সেপ্টেম্বর ওই মামলার রায় ঘোষণা করার কথা।

তারা আরও জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাজিরহাট থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে তাদের ভাইকে ৭-৮ জন মিলে দা দিয়ে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিক বেল্লাল সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় বিএনপি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করায় আব্দুর রহিমের নেতৃত্বে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

কলারোয়া থানার এসআই গোলাম সরোয়ার জানান, জমি নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার মোর্শেদ শামীম ও সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।