২০০৩-০৪ অর্থ বছরে সরকারী পাটকলে ছাঁটাই ৭ হাজার
২০০৩-২০০৪ অর্থ বছরে সারা দেশে বিভিন্ন পাটকল থেকে ৬,৮৬৩ শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরকালে বিএনপির সংসদ সদস্য এসএ সুলতানের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ এ তথ্য দেন।
তিনি বলেন, গত ২০০২-০৩ অর্থ বছর থেকে গত অর্থ বছর পর্যন্ত সরকারী পাটকলগুলো ৬৯৩ কোটি ৯২ লাখ টাকা গচ্ছা দিয়েছে। শুধুমাত্র ২০০৩-২০০৪ অর্থ বছরেই লোকসান হয়েছে ২১০ কোটি ৯৮ লাখ টাকা।
মন্ত্রী আরও বলেন, মিলগুলোকে লাভজনক করার জন্য ছাঁটাইকৃত শ্রমিক, কর্মচারি, কর্মকর্তাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে প্রতি বছর প্রায় ৪০ মেট্রিক টন সিল্ক উৎপাদিত হচ্ছে।
রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজশাহীতে হস্তচালিত তাঁত শিল্প পুনরায় চালুর লক্ষ্যে অর্থমন্ত্রণালয়ে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে, কিন্তু অর্থের অভাবে এগুলো চালু করা সম্ভব হচ্ছে না।
