সোনা মসজিদ সীমান্তে বিএসএফ এর হাতে ২ বাংলাদেশী আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভুল করে ভারতে প্রবেশের পর বিএসএফ-এর হাতে আটক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাসহ দুই বাংলাদেশী।
আটককৃতরা বর্তমানে ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানায় আটক রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চাঁপাইনবাবগঞ্জ শাখায় অডিটে এসেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জহরুল ইসলাম (২৮) ও তার বন্ধু আবুল কালাম আজাদ সোমবার বিকালে সোনা মসজিদ স্থলবন্দরে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় সীমান্তের জিরো পয়েন্টে গতিরোধক বাঁশকল না থাকায় তারা ভুল করে মটরসাইকেল নিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় সীমান্তে টহলরত ১৪০ নং বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
লুৎফর রহমান আরো জানান, পরদিন মঙ্গলবার সকালে বিএসএফকে বিষয়টি জানানো হলে তারা দুপুর ১২টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত জানান। সে অনুযায়ী বিডিআর সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করে। কিন্তু পরে সন্ধ্যায় বিএসএফ জানায়, কোম্পানি কমান্ডার ব্যস্ত থাকায় তারা বৈঠকে আসতে পারেনি।
বর্তমানে বিষয়টি সংশ্লিষ্ট থানা তত্ত্বাবধান করছে বলেও বিএসএফ জানিয়ে দেয়।
