রাজশাহীতে ৪ পেশাদার রক্তদাতা এইচআইভি পজিটিভ!
রাজশাহীতে চার পেশাদার রক্ত বিক্রেতার রক্তে প্রাণঘাতী এইডস রোগের ভাইরাস সনাক্ত করা হয়েছে।
রাজশাহীর চণ্ডিপুর, মতিহার, চর-আষাড়িয়াদহ ও গোদাগাড়ীর শিতলাই এলাকার এই চারজনই নগরীর বিভিন্ন ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত বিক্রি করতেন।
সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক এবং সেবা ব্লাড ব্যাংকে রক্ত পরীক্ষার পর এদের মধ্যে তিনজনের দেহে এইচআইভি ভাইরাস সনাক্ত হয়।
এরা এখনও গোপনে রক্ত বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মতিহার এলাকার অপরজনের রক্ত ঢাকার লাইজা মেথডে পরীক্ষা করে এইচআইভি নিশ্চিত করা হয়। তিনি এখন আশার আলো নামে একটি বেসরকারি সংস্থার অধীনে চিকিৎসাধীন আছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক সূত্র জানায়, নগরীর চণ্ডিপুর ও চর-আষাড়িয়াদহ গ্রামের দুই ব্যক্তির দেহে এইচআইভি ভাইরাস পাওয়া যায়।
এদিকে রাজশাহীর লক্ষ্মীপুরের সেবা ব্লাড ব্যাংক জানায়, কয়েকদিন আগে এক ব্যক্তির রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। তার বাড়ী গোদাগাড়ীর শিতলাই এলাকায়। তার ছবি তুলে রাখা হয়েছে। ওই ব্যক্তিকে বিষয়টি জানানোর পর তিনি তাদের কাছে আর রক্ত বিক্রি করতে আসেননি।
তিনি বিভিন্ন ব্লাড ব্যাংকে যাচ্ছেন বলে সেবা ব্লাড ব্যাংক জানালেও শেষপর্যন্ত কোন জায়গায় রক্ত বিক্রি করেছেন তা জানা যায়নি। কোন ব্লাড ব্যাংকই তার রক্ত কেনার কথা স্বীকারও করেনি।
এদিকে এইচআইভি পজিটিভ ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার রক্ত পরীক্ষায় ভুল রিপোর্ট এসেছে।
এ বিষয়ে সেবা ব্লাড ব্যাংকের মালিক চৌধুরী মিজানুর রহমান জানান, ওই ব্যক্তির আইসিটি টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে।
মহানগরীর চণ্ডিপুর এলাকার এইচআইভি পজিটিভ এক ব্যক্তি গত বছর মে মাসে মহানগরীর সেবা ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করতে গিয়েছিলেন। কর্তৃপক্ষ তার রক্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে পরীক্ষা করালে তাতে এইচআইভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এ ঘটনার পর হাসপাতালের ব্লাড ব্যাংক ওই রক্ত সিল করে দেয়।
জানা গেছে, ওই ব্যক্তি এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত বিক্রি করতেন। গত বছরের শুরুর দিকে তার রক্তে হেপাটাইটিস - সি ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল তার রক্ত কেনা বন্ধ করে দেয়। কিন্তু তিনি নগরীর ইসলামী, লাইফ কেয়ার, সেবা এবং ইসলামী ব্লাড সেন্টারসহ বিভিন্ন জায়গায় নিয়মিত রক্ত বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
তবে ইসলামী ব্লাড সেন্টারে কর্মরত ইকবাল হোসেন এরকম কোন ব্যক্তির রক্ত নেওয়ার কথা স্বীকার করেননি। রক্ত কেনা বেচার তালিকাও তিনি দেখাতে পারেননি।
গত রোববার নগরীর এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে বিক্রি করতে গেলে তার রক্তে এইচআইভি ভাইরাস থাকার কথা বলে তার রক্ত নেওয়া হয়নি। কিন্তু পুনরায় তার রক্ত পরীক্ষায় হেপাটাইটিস-সি ধরা পড়ে।
ভারতীয় সীমান্তবর্তী চর-আষাড়িয়াদহ গ্রামের এক ব্যক্তির রক্তে গত বছর আগস্ট মাসে এইচআইভি ভাইরাস সনাক্ত হলে ব্লাড ব্যাংক থেকে গোপনে ওই ব্যক্তিকে রাজপাড়া থানা পুলিশের হাতে এবং পরে আশার আলো নামে একটি বেসরকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়।
সংস্থাটির রাজশাহী প্রধান মো. আজিম জানান, বর্তমানে ওই ব্যক্তি তাদের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন এবং ভাল আছেন।
এদিকে কোনরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অধিকাংশ ব্লাড ব্যাংকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রক্ত কেনাবেচার এই ঘটনা ভাবিয়ে তুলেছে রাজশাহীর সচেতন মহলকে। এই ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরীর দড়িখরবোনার অবসরপ্রাপ্ত শিক্ষক ও নওগাঁ পিপিআইয়ের সুপার জানান, তিনি তার অসুস্থ স্ত্রী সৈয়দা সুরাইয়া হকের জন্য বেসরকারী ব্লাড ব্যাংক থেকে নিয়মিত রক্ত কেনেন। এখন এ অবস্থায় কোথাও রক্ত কেনার সাহস পাচ্ছেন না এবং খুবই আতঙ্কে রয়েছেন।
ব্লাড ব্যাংকগুলোর দেওয়া তথ্যমতে, দীর্ঘদিন থেকে রাজশাহীর সরকারী ও বেসরকারী ব্লাড ব্যাংকগুলো নেশাখোর পেশাদার রক্তদাতাদের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। এরকম প্রায় ১০০জন নিয়মিত রক্ত বিক্রি করে নেশার টাকা জোগাড় করছে। রক্ত সংকটের কারণে লোকজন বাধ্য হয়েই কিনছেন এই রক্ত।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ট্রান্সফিউশন বিভাগ রক্তের প্রয়োজনীয় কিছু পরীক্ষা করলেও বেসরকারী ব্লাড ব্যাংকগুলো কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রতিদিন শতশত ব্যাগ রক্ত বিক্রি করছে। ফলে এইচআইভি, হেপাটাইটিস-বি ও সি এবং যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে যাচ্ছে সবচেয়ে বেশী।
সরেজমিন খোঁজখবর নিয়ে আরো জানা গেছে, নগরীর ইসলামী ব্লাড ব্যাংক ও প্যাথলজি, সবুজ ব্লাড ব্যাংক, ইসলামী ব্লাড সেন্টার, লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে রক্ত পরীক্ষার কোন পরিসংখ্যান নেই। হেপাটাইটিস-বি, সি কিংবা এইচআইভি পজিটিভ রোগীর নিয়মিত কোন তালিকাও নেই।
সেবা ব্লাড ব্যাংকের মালিক চৌধুরী মিজানুর রহমান জানান, কোন নীতিমালা না থাকায় এইচআইভি, হেপাটাইটিস আক্রান্তদের তালিকা রাখার বিষয়টি অতটা গুরুত্বের সঙ্গে দেখা হয় না। তবে প্রতি মাসেই নতুন ডোনারদের ক্ষেত্রে ৫ থেকে ১০ জন হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত রোগী সনাক্ত হয়।
ইসলামী ব্লাড সেন্টারের মালিক পরিচয় দানকারী সেকেন্দার আলী লাল বলেন, ‘সবগুলো পরীক্ষা করালে রক্ত বিক্রি করে লাভ হয় না। সে কারণে যাদের আমরা একবার পরীক্ষা করি কেবল তাদের কাছ থেকেই পরবর্তীতে পরীক্ষা ছাড়াই রক্ত নেই। কেবল সন্দেহ হলেই পরীক্ষা করা হয়।
বেসরকারী ব্লাড ব্যাংকে কর্মরত মো. ফটিক জানান, হেপাটাইটিস - বি অথবা সি পজিটিভ তালিকাভুক্ত ৮৪ জনের কাছ থেকে রক্ত নেওয়া হয় না। তবে পেশাদার রক্তদাতাদের বেশীরভাগই নেশাখোর। সন্দেহ না হলে তাদের পরীক্ষার দরকার হয় না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. মোসাদ্দেক হোসেন জানান, গত এক বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এইচআইভি পজিটিভসহ বেশকিছু হেপাটাইটিস - বি, হেপাটাইটিস - সি এবং ভিভিআরএল রোগী সনাক্ত হয়েছে।
তবে হাসপাতালে এখনও রক্তের সংকট থাকায় শতকরা ১০ ভাগ রক্তই কিনতে হয় পেশাদার রক্তদাতাদের কাছ থেকে, স্বীকার করলেন তিনি। তবে পরীক্ষা-নিরীক্ষা করেই তাদের রক্ত সরবরাহ করা হয়।
রাজশাহীতে এইচআইভি পজিটিভ ব্যক্তির কোন পরিসংখ্যান আছে কিনা জানতে চাইলে ডেপুটি সিভিল সার্জন জহুরুল হক বলেন, ‘এ বিষয়ে কোন তথ্য আমার কাছে নেই। তবে হেপাটাইটিস বি ও সি এর বিষয়টি আমরা জেনেছি। এসব ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় ব্লাড ব্যাংকগুলো বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। পুলিশই পারে এ অবৈধ কার্যক্রম বন্ধ করতে। সরকারি নীতিমালার অভাবে আমাদের আসলে কিছু করারও নেই’।
এ বিষয়ে রাজশাহী পুলিশ কমিশনার জাভেদ পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে এসব তথ্য জানানো যাবে না বলে উল্লেখ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বেসরকারী ব্লাড ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সরকারী নীতিমালা থাকা দরকার। এ ছাড়া দেশের বেসরকারী ব্লাড ব্যাংকগুলোকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচীর আওতায় আনা খুবই প্রয়োজন। অন্যথায় এইডস ও হেপাটাইটিসের মত প্রাণঘাতি রোগ দ্রুত বিস্তার লাভ করবে।
তবে এই চারজনের বাইরে রাজশাহীতে আরও বেশ কয়েকজন এইচআইভি পজিটিভ রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এছাড়া ব্লাড ব্যাংকে বিভিন্ন রক্ত পরীক্ষায় ব্যাপক হারে হেপাটাইটিস - সি, বি ও বিভিন্ন যৌন রোগও সনাক্ত হয়েছে।
রাজশাহীতে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত সিসিডির কর্মকর্তা জি এম মোর্তজা জানান, বেশ কয়েকজনকে নিয়ে তারা ঢাকা এবং ভারতে চিকিৎসা করাচ্ছেন। তবে সঙ্গত কারণেই আক্রান্তদের নাম তিনি বলেননি।
