জ্বালানির দাম না বাড়ালে ঋণ দেবে না আইএমএফ
জ্বালানি তেলের দাম না বাড়ালে ৭০০ কোটি টাকা ঋণ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশ সরকারকে দেওয়া শর্তের কথা সাফ জানিয়ে দিলো ।
আন্তর্জাতিক মূদ্রা তহবিলের উপদেষ্টা থমাস রামবাও মতিঝিলে নিজস্ব কার্যালয়ে ওই সম্মেলনে জানান, সরকারকে গত এক বছর ধরে আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় করার কথা বলা হলেও সরকার এ বিষয়ে কিছুই করেনি।
রামবাও জোর দিয়ে বলেন, আসছে অক্টোবরেই দারিদ্র্য বিমোচন তহবিল (পিআরজিএফ) এর ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করা নিয়ে আলোচনা শুরু হবে। কিন্তু সব কিছুই নির্ভর করছে সরকার আইএমএফ এর শর্ত কতটুকু পূরণ করতে পেরেছে তার উপর।
জনগণের সমর্থন হারানোর আশঙ্কায় আগামি নির্বাচনের আগে জ্বালানী তেলের দাম না বাড়ানোর জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের বক্তব্যের সমালোচনা করেন আইএমএফ উপদেষ্টা।
এদিকে আইএমএফ এর পিআরজিএফ খাতে অর্থ ছাড় নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাংকের ২হাজার ১৫০ কোটি টাকা (২৫০ মিলিয়ন ডলার) উন্নয়ন সহযোগিতাও অনিশ্চিত হয়ে পড়লো।
জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়াও আইএমএফ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উপর জোর দিয়েছে।
গত এক বছরে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় না করায় ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তারা বলেন, এর ফায়দা নিচ্ছে দেশের এক শ্রেনীর পাচারকারী যারা পাশের দেশে তেল পাচার করে মোটা অংকের অর্থ বাগিয়ে নিচ্ছে।
আন্তর্জাতিক সংস্থাটির উপদেষ্টা মন্তব্য করেন, ‘ধনীরা ভর্তুকিতে পাওয়া জ্বালানিতে দামি গাড়ি চড়বে, এটা মেনে নেওয়া যায় না’।
