ফুলবাড়ীতে ৩ নিহতের পরিবারের মাঝে চেক হস্তান্তর
দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডিতে তিন নিহতের পরিবারের মধ্যে ক্ষতিপূরণ চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক তাহসিনুর রহমান সরকারের অঙ্গীকার অনুযায়ী বুধবার নিহতদের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন।
আগামী সপ্তাহে আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। চেক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সারোয়ার, স্থানীয় প্রশাসন ও এলাকার নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ-বিডিআরের গুলিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে বিক্ষোভের মুখে কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান এশিয়া এনার্জি ফুলবাড়ী থেকে তাদের প্রতিষ্ঠান গুটিয়ে নিতে বাধ্য হয়।
নিহত তিনজন হলেন ফুলবাড়ীর বারকোনার আমিন (১৪), চানপাড়ার তরিকুল ইসলাম (২৫) এবং নবাবগঞ্জ থানার ঝরার পার এলাকার সালেহিন (২৪)।
