২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে ছাত্র-শ্রমিক সংঘর্ষ, সমঝোতা বৈঠক শেষে বাস চলাচল শুরু

ফরিদপুর জেলার বোয়ালমারী ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের সাথে বাস শ্রমিক ইউনিয়ন নেতাদের সমঝোতা বৈঠকের পর ফরিদপুর - বোয়ালমারী সড়কে মঙ্গলবার রাত থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মঙ্গলবার সকালে বাস শ্রমিকদের হাতে বোয়ালমারী ডিগ্রী কলেজের তিন ছাত্র লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বিক্ষুদ্ধ ছাত্ররা বাস ভাংচুর ও সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা সড়ক অবরোধ তুলে নিলেও বাস চলাচল বন্ধ ছিল।

এ ঘটনার পর মঙ্গলবার রাতে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ কাদিরের মধ্যস্থতায় কলেজ কর্তৃপক্ষের সাথে বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বোয়ালমারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বারী এবং ফরিদপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্লা নেতৃত্ব দেন।

বৈঠকে কলেজ ছাত্রদের বাস ভাড়া অর্ধেক নির্ধারণ, বোয়ালমারী ডিগ্রী কলেজের সামনে বাস স্টপেজ দেওয়া, আহত ছাত্রদের চিকিৎসার ব্যয় বহনসহ ভবিষ্যতে এ ধররের ঘটনার পুনরাবৃত্তি রোধে কোন সমস্যার উদ্ভব হলে সবার আগে স্ব- স্ব কর্তৃপক্ষকে অবহিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।