স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখীতে পদত্যাগের হিড়িক
স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন থেকে সোমবার একযোগে কমপক্ষে ৪০ জন সাংবাদিক পদত্যাগ করায় আনুষ্ঠানিক সম্প্রচার শুরুর আগেই চ্যানেলটিতে বিপর্যয় নেমে এসেছে।
প্রতিশ্র“ত সুযোগ - সুবিধা ও অন্যান্য পাওনা না দিয়েই আনুষ্ঠানিক সম্প্রচার শুরুর উদ্যোগ নেয়ার প্রতিবাদে নিউজ রুমের এসব রিপোর্টার ও বার্তা বিভাগের সাংবাদিকরা পদত্যাগ করেন।
এ ব্যাপারে বিডিনিউজ২৪ডটকম-এর সাথে আলাপকালে কয়েকজন রিপোর্টার জানান, লেনদেনের অনিশ্চয়তা রেখেই আনুষ্ঠানিক সম্প্রচার শুরুর উদ্যোগ নেয়ায় তারা এর প্রতিবাদস্বরূপ গণ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
অবশ্য বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের এই অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।
তিনি বিডিনিউজ২৪ডটকমকে জানান, যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগের কোন বৈধতাই নেই, কারণ তাদের কেউই বৈশাখী টেলিভিশনের স্থায়ী চাকুরীজীবী নন।
তিনি বলেন, তাদের কেউই কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে না পারায় কর্তৃপক্ষ তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে দুজনকে বরখাস্ত করেছে এবং আরো অনেককে বরখাস্তের প্রক্রিয়ায় রয়েছে।
