প্রশাসনে উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল
জনপ্রশাসনের সচিব, জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক পদে সোমবার ব্যাপক রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার এসব রদবদলের আদেশ জারি করা হয়। আদেশের আওতায় ৯ জন সচিব, ৭ জন জেলা প্রশাসক এবং ১১ জন অতিরিক্ত জেলা প্রশাসক পদে এসব রদবদল করা হয়।
সচিবদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রফিকুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, তথ্য সচিব ব্যারিস্টার হায়দার আলীকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে, বন ও পরিবেশ সচিব জাফর আহমেদ চৌধুরীকে রাষ্ট্রপতির কার্যালয়ে, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এএকেএম সোলায়মান চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান এম ইব্রাহিম হোসেনকে বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, বস্ত্র ও পাট সচিব ড. আবুল কাশেম মাহবুবুল আলমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল কাইয়ুমকে তথ্য মন্ত্রণালয়ে, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াহাবকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, ভারপ্রাপ্ত সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ এনায়েতুল্লাহকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে বাংলাদেশ বেতারের পরিচালক হাসান জাহাঙ্গীর আলমকে পটুয়াখালী, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলী আকবরকে ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আতাউর রহমানকে হবিগঞ্জ, রাজউকের সচিব শাহীনুল ইসলামকে নোয়াখালী, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম গোলাম ফারুককে চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাবের হোসেনকে সুনামগঞ্জ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব আনোয়ারুল ইসলামকে বরিশাল জেলার জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদের প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন জেলার অতিরিক্ত জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে ১১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
