ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর গ্রেনেড হামলার নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মুফতি হান্নানকে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী ইসলামী দলের নেতা মুফতি আবদুল হান্নানকে রমনা বটমুল মামলায় রিমাণ্ডে নেওয়া হলেও মূলত তাকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হরকাতুল জিহাদ আল ইসলামী, বাংলাদেশ (হুজি:বি) এর নেতা মুফতি হান্নানকে রোববার আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গোয়েন্দা সূত্র বিডিনিউজ২৪.কম কে সোমবার এ তথ্য জানিয়েছে।
‘জিজ্ঞাসাবাদে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা কারণ, অর্থের উৎস এবং হান্নানের মদদ দাতাদের তালিকার বিষয়ে জোর দেওয়া হচ্ছে’ উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা সূত্র জানালেন।
২০০৪ সালের ২১ মে সিলেটের শাহজালাল মাজারে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণে বেঁচে যান বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী।
গোয়েন্দা সূত্র জানায়, পলাতক অবস্থায় মুফতি হান্নান কুয়েত ভিত্তিক এনজিও রিভাইভাল ও ইসলামিক হেরিটেজ সোসাইটি এর সাথে ঘনিষ্ট সম্পর্ক রাখে এবং তাদের কাছ থেকে তার দলের জন্য এবং ইসলামী জিহাদের নামে প্রচুর অর্থ সংগ্রহ করে।
‘এর আগে মুফতি হান্নানকে ১১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় সে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা বা হুজি:বি এর অর্থের উৎস সম্পর্কে কোন মুখ খোলেনি। সে মানসিকভাবে খুব শক্ত প্রকৃতির’ সূত্রটি নিশ্চিত করে।
হবিগঞ্জে গ্রেফতারকৃত হান্নানের দুই সহযোগী বিপুল এবং মিজানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে সূত্র জানায়, আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের সমর্থন এবং ওই দেশের প্রতিনিধিত্ব করার জন্য হুজি:বি এর রোষানলে পড়তে হয় আনোয়ার চৌধুরীকে।
হুজি নেতা হান্নানের বিরুদ্ধে ২০০০ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু’বার হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান আইডিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে পুলিশ ৭৬ কেজি ওজনের শক্তিশালী সময় নিয়ন্ত্রিত বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের জায়গা থেকে ৫০ ফুট দূরেই শেখ হাসিনার সভা মঞ্চ স্থাপনের কথা ছিল।
মুফতি আব্দুল হান্নান ওই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন। পরে হান্নানের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক মামলায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর একটি বিশেষ বিচার আদালত হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
