বার বার পিছিয়ে যাচ্ছে ঢাবির পরীক্ষা
অনির্ধারিত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা কার্যক্রম পরপর তিনবার স্থগিত ঘোষণা করেছে।
বার বার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সেশনজটের আশংকা করছেন।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ছাত্র ধর্মঘটের কারণে সোমবারের পরীক্ষা এবং এর আগে ১৪ দলের হরতাল কর্মসূচীর কারণে গত রোববারের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া মঙ্গলবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় ১৪ দলের ডাকে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচীর কারণে।
বিভিন্ন অনুষদের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষা বার বার পেছানোর কারণে তাদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে যাচ্ছে। সময়মতো পরীক্ষা না হওয়ায় সেশনজটের আশংকা করছেন তারা।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের কারণে সোমবার ক্লাশ এবং সকল পরীক্ষা বন্ধ ছিলো। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিলো নগণ্য।
দুপুর ১১ টায় ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘটের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ছাত্র সংগ্রাম পরিষদ জীন প্রকৌশল এবং জীব প্রযুক্তি বিভাগে কথিত শিবির কর্মীকে প্রভাষক নিয়োগ করায় তা বাতিলের দাবিতে সোমবার এ ধর্মঘট আহ্বান করে।
স্থগিত এ পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
