বরিশাল বিভাগে ইপিআই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ঘোষিত ৫ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে রোববার থেকে বরিশাল বিভাগের মাঠকর্মীরা অনির্দিষ্টকালের জন্য টিকাদান কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে।
বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আহবায়ক মাহবুব হোসেন বিডিনিউজকে জানান, স্বাস্থ্য সহকারীদের ডিপ্লোমা পদমর্যাদা দেয়া, বেতন বৈষম্য দুর করা, পরিদর্শকদের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়নসহ ৫ দফা দাবির প্রতি সমর্থন জানানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দাবি আদায় না হলে সোমবার থেকে বাড়িকেন্দ্রিক সব স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হবে।
এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মালেক বিডিনিউজকে বলেন, ‘জেলার বাবুগঞ্জ, সদর এবং উজিরপুর উপজেলায় টিকাদান কর্মসূচি পালিত হয়নি। বাকি ৭টি উপজেলার খবর সন্ধ্যা নাগাদ জানতে পারবো।’এ জন্য সাধারণ মানুষের দুর্ভোগের কথা তিনি অবশ্য স্বীকার করেন।
