১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ আসছেন
আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারি সফরে চাঁপাইনবাবগঞ্জ আসছেন। ২০০১ সালে ক্ষমতা গ্রহণের পর চাঁপাইনবাবগঞ্জে এটি তার তৃতীয় সফর।
স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমির ভবন, সদর হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিফলক, জেলা রেজিস্ট্রার অফিস ও হরিপুর এবং বটতলা হাটে বিদ্যুৎ উপ-কেন্দ্র।
এ ছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট, জেলা গণগ্রন্থাগার, স্টেডিয়ামসহ আরো কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেদিনই বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে জেলা প্রশাসকের নেজারত শাখা থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো তাদের কাছে আসেনি। তবে প্রস্তুতির কথা তারা স্বীকার করেছেন।
