২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৮

ঢাকার উত্তরা, ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত ও কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

উত্তরা থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, কসাইবাড়ি রেলক্রসিং-এ শুক্রবার সকালে ট্রেন ও টেম্পোর সংঘর্ষে ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি ট্রেন যাত্রীবাহী একটি টেম্পোকে (ঢাকা মেট্রো - চ - ০০৬৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আটজন আহত হয়। দুর্ঘটনায় টেম্পোটি দুমড়ে - মুচড়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জিআরপি থানার ডিউটি অফিসার এস আই হালিম এবং তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বিডিনিউজকে জানিয়েছেন, নিহত ব্যক্তি টেম্পোর চালক কিংবা যাত্রী হতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, আজ শুক্রবার ভোরে জেলার শম্ভুগঞ্জের পীরের দরবার থেকে মুন্সীগঞ্জবাড়ি ফেরার সময় যাত্রীবাহী একটি বাস ত্রিশালের বৈলর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপর দুজন মারা যায়। 

নিহতরা হলেন, নুরুল হক (৪৮), তার স্ত্রী পারুল (৪৫) ও তাদের মেয়ে শিউলি (২০)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা গরুভর্তি একটি ট্রাক ঢাকা - আরিচা মহাসড়কের ভটিবাউর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী শাহীন (৩৫) মারা যান। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছা গ্রামে।

এ দুর্ঘটনায় আহত হন আরো ১০জন।

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে শুক্রবার সকালে দ্রুতগামী গাড়ির চাপায় নিখিল চন্দ্র নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন। তার বাড়ি শিবালয় উপজেলায় দরিকান্দি গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার টঙ্গীবাড়ি উপজেলা সদর বাজারের বেইলি ব্রিজের ওপর টেম্পোর ধাক্কায় নারায়ণ মন্ডল (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। উত্তেজিত জনতা টেম্পোর চালক হারুন শেখ (২২) ও হেলপার জাকিরকে (১৮) আটক করেছে।

নিহত নারায়ণ মন্ডল কাঠাদিয়া গ্রামের কার্ত্তিক মন্ডলের ছেলে।

এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা হয়েছে। চালক ও হেলপারকে হাজতে পাঠানো হয়েছে।