২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোথায় গেলেন মিস্ত্রী কালিপদ?

এক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা কাঠমিস্ত্রি কালিপদ হালদার। শুক্রবার ভোরে হাঁটতে বেরিয়ে আর ঘরে ফেরেননি তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে অবিরাম ছুটাছুটি করেও কোন হদিস পাওয়া যায়নি তার। শুক্রবার সারাদিন অপেক্ষা শেষে ওই রাতেই নিকটবর্তী রমনা থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়। তবে পুলিশ এখনও কোন সন্ধান দিতে পারেনি।

সুস্থ - স্বাভাবিক পঞ্চাশোর্ধ কালিপদ হালদারের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে। কর্মজীবী নিরীহ কালিপদ তিন ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ১০/১২ বছর ধরে বসবাস করছেন মগবাজারের ছোট্ট একটি বাসায়।

কালিপদ হালদারের বাসার পাশেই রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতাল ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন - ২ অফিস। এর মধ্যবর্তী রাস্তা দিয়েই তিনি শুক্রবার ভোরে লুঙ্গি পড়ে ও কাঁধে গামছা নিয়ে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন- তার স্ত্রী এরকমই জানান।

নিরীহ এই মানুষটির রহস্যময় নিখোঁজ সংবাদে এলাকার মানুষজন বিস্ময় প্রকাশ করেছে। একমাত্র নিরাপত্তা প্রহরী সাদেক আলি ছাড়া আর কেউ কালিপদ হালদার সম্পর্কে কিছুই বলতে পারছে না।

সাদেক আলি জানান, তিনি কালিপদকে হাঁটতে বের হওয়ার সময় দেখেছেন।

তিনি আরো জানান যে, দেখতে কালো ও মাঝারি আকৃতির কালিপদকে ফর্সা ও লম্বা প্রকৃতির এক ব্যক্তি ডেকে কথা বলেছে। তবে বেশ দূর থেকে দেখেছেন বলে তিনি এর বেশী কিছু বলতে পারেন না।

রমনা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, জিডি করার পরই তারা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সকল থানায় সংবাদটি পৌছে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আলাপকালে র‌্যাব - ২ এর কমান্ডিং অফিসার লেফটেনান্ট কর্নেল আকবর জানান, র‌্যাব - ২ অফিস মগবাজারে অবস্থিত হলেও এলাকাটি র‌্যাব - ৩ এর অধীনে। তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।