২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ সেপ্টেম্বর থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি

চলতি মাসের ১২ তারিখ থেকে ওএমএস ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে ভোগ্যপণ্য বিক্রি করবে টিসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 03:01 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিকভাবে এই তালিকায় থাকছে চিনি ও ডাল। তবে পরে ছোলা ও সয়াবিন তেল বিক্রি করা হবে।

সভায় জানানো হয়, ঢাকায় ৩৫০, চট্রগ্রামে ৪০ এবং রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরের প্রতিটিতে ২৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে এসব ভোগপণ্য সপ্তাহের ৬ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি করা হবে।

এছাড়া টিসিবি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় ২০টি, চট্রগ্রামে চারটি, রাজশাহী ও খুলনায় দু’টি ট্রাকে শহরের বিভিন্ন পয়েন্টে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পণ্য বিক্রয়ের জন্য উপস্থিত থাকবে।

ডিলারদের সপ্তাহে দু’বার টিসিবির গুদাম থেকে নির্ধারিত পরিমাণে পণ্য সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে।

টিসিবির এসব কার্যক্রম খাদ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান পরিদর্শক দল তদারকি করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।