যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য মজনুর লাশ দাফন
আইভরি কোস্টে নিহত সেনাসদস্য মিজানুর রহমান মজনুর লাশ মঙ্গলবার যশোরের ভেকুটিয়ায় তার নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আর্মি স্টেডিয়ামে জানাজার নামাজ শেষে হেলিকপ্টার করে সাড়ে ১০টায় মজনুর লাশ আনা হয় যশোরের মতিউর রহমান বিমানঘাঁটিতে। সেখান থেকে তার মরদেহ ভেকুটিয়া গ্রামে নেওয়া হয়।
মজনুর লাশ ভেকুটিয়ায় পৌঁছানোর পর আশপাশের গ্রামের বাসিন্দারা সেখানে ভিড় জমায়।
সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।
৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শরীফসহ যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
