শীর্ষ রাষ্টদূতরা প্রাতরাশ বৈঠক
ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর বাড়িতে মঙ্গলবার শীর্ষস্থানীয় কূটনৈতিকরা এক বৈঠকে মিলিত হয়েছেন।
ব্রিটিশ হাই কমিশনের একজন মুখপাত্র বিডিনিউজকে এ বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি ছিলো ব্রিটিশ রাষ্ট্রদূতের একটি নৈমিত্তিক কাজ। তবে, এর বেশি তিনি আর কিছু জানাতে রাজি হননি।
সূত্র আরো জানায়, জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ড. স্টেফান ফ্রয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসিলিয়ান এ প্রাতরাশ বৈঠকে উপস্থিত ছিলেন।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিবিদ বিডিনিউজকে জানিয়েছেন, তারা এই প্রাতঃরাশ সভায় সমকালীন উন্নয়ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। তিনঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে সেন্টার ফর পলিসি ডায়লগের(সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও উপস্থিত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করে। তবে বিডিনিউজের পক্ষ থেকে বৈঠক সম্পর্কে জানতে চাইলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা।
এছাড়া সূত্র আরো জানায়, জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান বৈঠক শেষ হবার আগেই চলে যান। তবে কেউই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে রাজী হননি।
