হারিয়ে যাচ্ছে ঘাঘট নদীর সৌন্দর্য
ঘাঘট নদী। ছন্দময় এ নদীর দৃষ্টিনন্দন সৌন্দর্য নস্টালজিক করে তোলে জেলার পুরনো বাসিন্দাদের। কিন্তু ঘাঘট নদীর দুই তীরের জায়গা দখল করে এখন বসতবাড়ি আর দোকানপাটের বিস্তার, ফলে সংকুচিত হয়ে আসছে নদী, হারিয়ে যাচ্ছে সেই নান্দনিকতা।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৯৯৯ -- ২০০০ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা শহরের উত্তর পাশে লুপ কাটিং করে নতুন নদী খনন ও গাইবান্ধা -- সুন্দরগঞ্জ সড়কের কাছে সেতু বানানো হয়। তখন থেকে নদীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে পতিত এই নদী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত বছর দেশব্যাপী পরিবেশ আন্দোলনের সময় জেলা প্রশাসনের উদ্যোগে নদী থেকে শুধু কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া নদী সংরক্ষণে কোন উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, শহরের পূর্ব কুঠিপাড়া থেকে পশ্চিমের চকবালুয়া পর্যন্ত পরিত্যক্ত ও ভরাট হয়ে যাওয়া ঘাঘট নদীর উপরে কিংবা দুই তীর ঘেঁষে অসংখ্য কাঁচা, পাকা ঘরবাড়ি, দোকানপাট এবং বসতবাড়ি বানানো হয়েছে। আবার কেউ কেউ নদীর উপরে বৃক্ষরোপণ করে সীমানা দখল করে রেখেছে।
এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আবার নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছে।
স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল বিডিনিউজকে জানান, শুকিয়ে আসা ঘাঘট নদীকে সংরক্ষণ করে এর দুই পাড়ে বৃক্ষরোপণ এবং বসার জায়গা তৈরিসহ বিভিন্ন ধরনের চিত্তবিনোদনের ব্যবস্থা করার জন্য স্থানীয় লোকজন মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া শুরু করেছেন। কিন্তু স্থানীয় প্রশাসন একটি সাইনবোর্ড লাগানো ছাড়া আর কোন ভূমিকা পালন করেনি।
