চার বছর পর!
বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি আব্দুল মতিন নামে এক ব্যবসায়ীর চোখে অস্ত্রোপচার করে প্রায় দেড় ইঞ্চি লম্বা একটি কলমের ঢাকনা অপসারণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসকরা এ অস্ত্রোপচার করেন।
ডা. শারফুদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, কুমিল্লার ব্যবসায়ী মতিন দীর্ঘ চার বছর ধরে তার চক্ষুগোলকে ওই কলমের ঢাকনাটি বহন করছিলেন। এ সমস্যা থেকে মুক্তি পেতে তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোন ফল পাননি। অস্ত্রোপচারের পর তিনি চোখে স্বাভাবিক দেখতে পাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে অসাবধানতা বশত: তার চোখে কলমের ঢাকনাটি ঢুকে যায়।
