কুমিল্লায় র্যাব পরিচয়ে প্রতারণাকালে সেনা সদস্য আটক
শুক্রবার রাত সাড়ে ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তার পরিচয়ে প্রতারণাকালে স্থানীয় জনতা চ্যালেঞ্জপূর্বক এক সেনা সদস্যকে আটক করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফিরোজ নামের এক সেনা সদস্য শহরের তালপুকুরপাড়স্থ কানুলাল দাসের লন্ড্রি ঘরে গিয়ে নিজেকে র্যাবের কর্মকর্তা পরিচয় দেয়। এ সময় সে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ ও ছিনতাইকারীদের সম্পর্কে খোঁজ খবর জানতে চায় এবং এ ধরনের খবর দিলে সে হানা দিয়ে মালামাল উদ্ধার করে অর্ধেক তাকে দেয়ার প্রলোভন দেখায়।
খবর পেয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে ছুটিতে আসা র্যাব-৬ সদস্য জয়নাল আবেদীন ঘটনাস্থলে এসে ফিরোজকে তার কর্মস্থল ও র্যাবের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে প্রশ্নের জবাব না দিয়ে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে পিছু ধাওয়া করে আটক করে।
ধৃত ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে এবং নিজেকে কুমিল্লা সেনানিবাসে ৩৫ এসটি ইউনিটের (ব্যাজ নং-৮৫৪৯) সদস্য বলে পরিচয় দেয়। এসময় এলাকার লোকজন ঘটনাটি সেনানিবাসে অবহিত করলে কুমিল্লা সেনানিবাস থেকে ৫ সদস্যের একটি দল এসে তাকে নিয়ে যায়।
আটককৃত ভুয়া র্যাব সদস্য ফিরোজ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আবিদনগর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শনিবার বিকেল ৫টায় কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্সপেক্টর নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।
একই বিষয়ে জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে কুমিল্লা সেনানিবাসের একটি সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
