২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপকর্ম ঢাকতে সিবিএ নেতার স্বেচ্ছায় অবসর

ব্যাংকের কাজে বিশৃংখলা সৃষ্টি ও বয়স কেলেঙ্কারী ঢাকতে রাজশাহীতে জনতা ব্যাংকের এক প্রভাবশালী সিবিএ নেতাকে তড়িঘড়ি করে অবসর গ্রহণের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

জাতীয়তাবাদী শ্রমিক দলভুক্ত জনতা ব্যাংকের সিবিএ নেতা শফিকুল আলমের অপরাধ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তাকে সুযোগ - সুবিধাসহ অবসর গ্রহণের ব্যবস্থা করে  দেয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জনতা ব্যাংক রাজশাহী আঞ্চলিক অফিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ব্যাংকের ইউডিএ, জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (সিবিএ) - এর রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি মো. শফিকুল আলম বর্তমান সরকারের আমলে বিভিন্ন কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েন। এসব কেলেঙ্কারীর ঘটনায় রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

সূত্রটি আরো জানায়, শফিকুল ইসলাম ১৯৭০ সালের ১৬ ডিসেম্বর পিয়ন পদে জনতা ব্যাংকে যোগ দেন। চাকরিতে যোগদানের সময় তিনি ৮ম শ্রেণী পাশের যে সার্টিফিকেট দাখিল করেছিলেন তাতে তার জন্ম তারিখ উল্লেখ ছিল ১৩/১২/১৯৪৯। পরবর্তীতে এরশাদ সরকারের আমলে তিনি এসএসসি পাসের সার্টিফিকেট দাখিল করে পর পর দুটি পদোন্নতি পেয়ে ইউডিএ (অফিস সহকারি) হন। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাখিল করেন তাতে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ০১/০৪/১৯৬৪। এই হিসেবে তিনি মাত্র ৬ বছর বয়সে ব্যাংকে পিয়নের চাকরিতে যোগ দিয়েছিলেন। একই হিসেবে আগামী ১৫ বছর পর তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা।

শফিকুল আলমের এই বয়স কেলেঙ্কারীর ঘটনাটি সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার মুহূর্তে শফিকুল আলম ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেন বলে জানা গেছে।

বর্তমান জোট সরকারের আমলে তিনি হুমকি-ধামকি দিয়ে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তটস্থ রাখতেন বলেও অভিযোগ রয়েছে। তার হুমকি ধামকিতে অতিষ্ঠ হয়ে জনতা ব্যাংক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ - মহাব্যবস্থাপক আব্দুল মান্নান মহানগরীর রাজপাড়া থানায় ইউডিএ শফিকুল এবং ইউডিএ ইসারুল ইসলামের বিরুদ্ধে একটি জিডি করেন।

জিডিতে বলা হয়, গত ১০ এপ্রিল বেলা আনুমানিক ১১টায় ইউডিএ শফিকুল ও ইসারুল ইসলামের নেতৃত্বে কতিপয় উশৃংখল কর্মচারী জনতা ব্যাংক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের কাজকর্ম বন্ধ করে দেয়ার জন্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেয়। অন্যথায় শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়। এর ফলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভীত - সন্ত্রস্ত হয়ে কোন কাজ করতে পারছে না।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তার থানায় জিডি করার পরও প্রশাসন রহস্যজনক কারণে শফিকুল ও ইসারুলের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়নি। এমনকি ঢাকার প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও রাজশাহীর জেনারেল ম্যানেজারকে ওই দুই কর্মচারীর সন্ত্রাসী কর্মকান্ড লিখিতভাবে জানানোর পরও তারাও কোন ব্যবস্থা নেননি, বরং শফিকুল ও ইসারুলের চাপে জনতা ব্যাংকের   কর্র্তৃপক্ষ ডিজিএম আব্দুল মান্নানকে রাজশাহী থেকে টাঙ্গাইলে বদলী করে দেন। পরবর্তীতে জনতা ব্যাংকের এমডিকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা শফিকুল ও ইসারুলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করলে তিনি একটি তদন্ত দল সম্প্রতি রাজশাহীতে পাঠান। তদন্ত দলটি সরেজমিনে তদন্ত করে ইউডিএ শফিকুলের বিভিন্ন অনিয়ম পাওয়ায় তার ব্যক্তিগত কাগজপত্র ঢাকায় নিয়ে যান। তদন্ত দলটি ব্যবস্থা নিতে পারে এই আশঙ্কায় শফিকুল তড়িঘড়ি করে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। ব্যাংক কর্তৃপক্ষ তার আবেদনটি যথাযথ যাচাই - বাছাই ছাড়াই তাকে চাকরি থেকে অবসর দেন। এই ঘটনায় রাজশাহীতে জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ ব্যাপারে শফিকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা সিবিএ এর সভাপতি পরিচয় দিয়ে বলেন, ‘আমি রাজনীতি করি, তাই হয়তো আমার বিরুদ্ধে সবাই লেগেছে’। বয়স লুকানো এবং অবসর গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে তা নিয়ম অনুযায়ীই হয়েছে। বৃহস্পতিবার আমি আনুষ্ঠানিকভাবেই অবসর নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ যদি সত্য হতো তবে ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিতেন’।

জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আমজাদ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।