২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গাড়ি পাকড়াও অভিযান

রাজধানীসহ আশপাশের এলাকায় অবৈধ গাড়ি পাকড়াও অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

গাড়ি আমদানী ও নিবন্ধন নিয়ে ব্যাপক সমালোচিত জোট সরকার তার মেয়াদ পূর্তির শেষ সময়ে এ অভিযান শুরু করলো। আগস্ট মাসের শেষ সপ্তাহে সংসদীয় কমিটির বৈঠকেও এ বিষয়ে দুর্নীতি ও সমালোচনার জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ বিআরটিএ অফিসে গাড়ির কাগজপত্র পরীক্ষা করানোর জন্য আসা শত শত অটোরিক্সার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সারি চীন মৈত্রী সেতুর দক্ষিণ দিক থেকে শুরু হয়ে জুরাইনে শেষ হয়।

বৃহস্পতিবার গভীর রাত থেকে জায়গা নিয়ে শুক্রবার সকাল-দুপুর পর্যন্ত গাড়ির মালিক ও চালকদের পোহাতে হয়েছে অবর্ণনীয় কষ্ট।

কাগজপত্র  পরীক্ষা-নিরীক্ষার এ কাজ রোববার পর্যন্ত চলবে বলে বিআরটিএ এর সহকারী পরিচালক মাহবুব-ই-রাব্বানী বিডিনিউজকে জানিয়েছেন।

মাহবুব-ই-রাব্বানী জানান, রাজধানী ও আশপাশের এলাকায় একই নম্বরে একাধিক বেবি ট্যাক্সি চলাচলের অভিযোগ রয়েছে

কয়েকজন গাড়ির মালিক অভিযোগ করেন কাগজপত্র পরীক্ষার নামে তাদের হয়রানি ও ঘুষ আদায় করা হচ্ছে।

গোলাম সারোয়ার এসেছিলেন তার চারটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করাতে। বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাড়ান তিনি বলেন, চীন মৈত্রী সেতুর ইজারাদাররা তার কাছ থেকে জোর করে গাড়ি প্রতি ১০ টাকা করে টোল আদায় করেছে। এ ব্যাপারে কেরাণীগঞ্জ থানা পুলিশ কিছুই জানে না বলে জানায়।

এদিকে কেরানীগঞ্জ পুলিশ বিডিনিউজকে জানান, ৭ তারিখে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেরানীগঞ্জে আসবেন। তাই এলাকার পরিচ্ছন্নতা ও ত্র“টিপূর্ণ ও চোরাই গাড়ি পাকড়াও করতেই মূলত এই অভিযান শুরু হয়েছে।

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এসব গাড়ির কাগজপত্র পরীক্ষার জন্য এক মাস আগে একটি নোটিশ পাঠান। সেই নোটিশের প্রেক্ষিতেই এসব কাগজপত্র পরীক্ষা চলছে।

বিআরটিএ সূত্র জানায়, তাদের দপ্তরে  সর্বমোট ৪২০০ বেবি ট্যাক্সির নিবন্ধন রয়েছে। প্রথম দিন সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক হাজার গাড়ি পরীক্ষা-নিরীক্ষার কথা থাকলেও হয়েছে ৬৬৪ টি। বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাড়ানো অনেকেরই এদিন পরীক্ষা করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বিআরটিএ তে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সরোয়ার জানান, প্রথম দিন বলেই এমন হযবরল অবস্থা হয়েছে। আগামী দুই দিন দ্রুতই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রথম দিন বিভিন্ন গাড়ির ইঞ্জিন, চেসিস নম্বর, ব্লু বুক ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয় এবং পরীক্ষাকৃত গাড়িতে বিআরটিএ এর স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, যেসব গাড়িতে এসব স্টিকার লাগানো থাকবে না তাদের গাড়ি ত্র“টিপূর্ণ বিবেচনা করা হবে এবং এসব গাড়ি যেখানেই পাওয়া যাবে সেগুলো আটক করা হবে এবং মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে।