নান্দাইলে ৯ দিনের ব্যবধানে আরো একজনের রহস্যজনক মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকায় মাত্র নয়দিনের ব্যবধানে আ. রাশিদ (৫০) নামে আরও এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী আ. রাশিদের গলায় ফাঁস লাগানো লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গত ২২ আগস্ট একই নাথপাড়া এলাকার ব্যবসায়ী শ্যামল চন্দ্র দাসের (২৮) ক্ষত - বিক্ষত লাশ স্থানীয় একটি বিল থেকে উদ্ধার করা হয়।
আ. রাশিদের এ মৃত্যু নিয়ে গ্রামবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মতে, নিহত রাশিদ শ্যামল হত্যার ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতেন। যার ফলে ঘাতক চক্রটি সাক্ষ্য বিলুপ্তির জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
আ. রাশিদ নান্দাইল পৌর বাজারে রিকশা সাইকেল মেরামতের কাজ করতেন।
এ ব্যাপারে নান্দাইল থানার এস আই আলমগীর বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না।
