২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ সংলাপ’ শীর্ষক ১৬ পর্বের নতুন ধারাবাহিক শুরু করতে যাচ্ছে বিবিসি বাংলা সার্ভিস

বিবিসি বাংলা সার্ভিস সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ‘বাংলাদেশ সংলাপ নামে’ একটি নতুন বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। দেশের নয়টি বড় শহরে অনুষ্ঠিত হবে এই আলোচনা এবং এতে আলোচক হিসেবে থাকবেন চারজন করে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাধারণের মধ্য থেকে আমন্ত্রিত প্রায় ১৫০জন দর্শক-শ্রোতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 02:58 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিবিসি বাংলা সার্ভিস একথা জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ সেপ্টেম্বর শনিবার প্রথম সংলাপ অনুষ্ঠানটি হবে ঢাকার চীন - মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ ছাড়া ১৬টি পর্বের প্রতিটি সংলাপ অনুষ্ঠানই শনিবারে ধারণ করা হবে। কিন্তু তা সম্প্রচার করা হবে পরদিন রোববার বিবিসি বাংলা অনুষ্ঠানে। চ্যানেল আই এ ধারণকৃত অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে প্রতি সোমবার। এই পর্বগুলো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাঙামাটিতে অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। পরে সংলাপের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয় এই সম্মেলনে।

প্রথম সংলাপ অনুষ্ঠানটিতে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ ও নাট্যাভিনেত্রী সারা যাকেরের উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সিনিয়র প্রযোজক কামাল আহমেদ, সংলাপ অনুষ্ঠানমালার প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, চ্যানেল আই এর নির্বাহী পরিচালক ইসরারুল হক ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অডিয়েন্স রিলেশন্স একজিকিউটিভ একেএম ফজলুল হক। সংলাপ অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা।

তিনি বলেন, গত বছর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এবং বিবিসি বাংলা সার্ভিস এর যৌথভাবে নির্মিত আট পর্বের একটি ধারাবাহিক অনুষ্ঠানের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতা হিসেবেই এই অনুষ্ঠানটি করা হচ্ছে। সেই অনুষ্ঠানটির নামও ছিল বাংলাদেশ সংলাপ। নতুন এই সিরিজটি মূলত দুটি অংশে বিভক্ত থাকবে - প্রথমটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আর দ্বিতীয়টি নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত।

তিনি জানান, এবারের সংলাপ অনুষ্ঠানটিও সামাজিক-রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে একটি উন্মুক্ত আলোচনার মঞ্চ তৈরির জন্যই সাজানো হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নির্বাচনী সংস্কার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ইস্যু নতুন ধারাবাহিকটিকে আরও প্রাণবন্ত এবং তথ্যবহুল করে তুলবে বলেই আশা করা হচ্ছে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশে বাক্ স্বাধীনতা ও উন্মুক্ত আলোচনার ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। তাছাড়া এরই মধ্যে দেশে যে গণতান্ত্রিক সংস্কৃতির শক্তিশালী মূল রোপিত হয়েছে তাও এই অনুষ্ঠানের মাধ্যমে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।  

তিনি আরও বলেন, এবছরের সংলাপ অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য গত বছরের অনুষ্ঠানটির মতো হলেও প্রকৃতিগতভাবে এতে বড় ধরনের পার্থক্য রয়েছে। গত বছরের প্রতিটি সংলাপ অনুষ্ঠানের বিষয়বস্তু বিচার ব্যবস্থা, দুর্নীতি ইত্যাদি স্বতন্ত্র বিষয় নিয়ে হলেও এবার আমন্ত্রিত দর্শক - শ্রোতাদের বলা হবে এ সপ্তাহের সবচেয়ে বড় রাজনৈতিক- অর্থনৈতিক বা সামাজিক কোন বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। অনুষ্ঠানের এই ধরনটা অনেকটা বিবিসি টেলিভিশনের ‘কোশ্চেন টাইম’ অনুষ্ঠানের মতোন।

তিনি জানান, বিবিসির নীতিমালা অনুযায়ী একটি ভারসাম্যপূর্ণ প্যানেল নিশ্চিত করার জন্য এই সংলাপ অনুষ্ঠানের প্যানেলও তৈরি করা হয়েছে বড় বড় সব রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি বা নেতাদের নিয়েই। ১৬টি সংলাপ অনুষ্ঠানেই বড় দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে উপস্থিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল বা এর সহযোগী গোষ্ঠীর প্রতিনিধিরাও ১৬টি সংলাপ অনুষ্ঠানের বিভিন্ন প্যানেলে উপস্থিত থাকবেন।

গত এক মাস ধরে বিবিসি বাংলা অনুষ্ঠানে শ্রোতাদের সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিভিন্ন রেডিও লিসেনার্স ক্লাবে চিঠি পাঠানো হয়। এ ছাড়া সব সামাজিক - রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য খুবই অল্পসংখ্যক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিভিন্ন সিভিল সোসাইটির গ্র“পের কাছে।

এক প্রশ্নের উত্তরে সাবির মুস্তাফা বলেন, গত বছরের মতো এবার সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে না। এর কারণ হিসেবে তিনি খরচের কথা উল্লেখ করেন। তাছাড়া স্যাটেলাইট সংযোগের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করার ক্ষেত্রে কারিগরিগত ঝুঁকির কথাও তিনি বলেন।