শ্রীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫
শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার সকালে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ হয়। এতে ইরামন শেখ (২০) ও হোসেন আলী বাবু (১৮) সহ পাঁচজন আহত হয়। আহত ইমরান ও বাবুকে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে রহমত আলী বিরোধী নেতা রুহুল কিসের নেতৃত্বে ছাত্রলীগ ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এক পর্যায়ে সাংসদ রহমত আলীর সমর্থক জিকু ও জাকিরের নেতৃত্বে পাল্টা একটি মিছিল সমাবেশে হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা - ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ফলে ইমরান শেখ ও বাবুসহ ৫ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে জিকু গ্রুপ প্রতিপক্ষকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়।
এ ঘটনার পর পর ছাত্রদল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী সভায় ছাত্রদল নেতা মনসুর, রকিবুল ইসলাম আকন্দ ও রাজিব হোসেন কলেজে অরাজকতা সৃষ্টির জন্য ছাত্রলীগকে দায়ী করেন। পরে ছাত্রদল ক্যাম্পাসে অবস্থানকারী ছাত্রলীগের জিকু গ্রুপের নেতা - কর্মীদের বের করে দেয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ রঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ শ্রীপুরে কলেজে সাংগঠনিক কর্মকান্ড চালাতে পারছিল না। সাড়ে ৪ বছর পর দলীয় কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে ছাত্রলীগ অন্তঃর্কোন্দলে পড়ে।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর - ১ শ্রীপুর - কালিয়াকৈর আসনে আ. লীগের মনোনয়ন নিয়ে বর্তমান সাংসদ রহমত আলীর সঙ্গে গাজীপুর জেলা এবং শ্রীপুর ও কালিয়াকৈর থানা আ. লীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতার প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব ছাত্রলীগসহ প্রায় সকল সহ সংগঠনের ওপরও পড়েছে।
