২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুলের বাড়িতে এখন শুধুই অন্ধকার

দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কয়লাখনি প্রকল্প রুখতে গিয়ে প্রাণ দিতে হয়েছে যে কলেজ ছাত্র তরিকুলকে, তাদের ছোট্ট একতলার বাড়িটিতে এখন শুধুই কান্না, হাহাকার আর একরাশ অন্ধকার।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রাজনীতিবিদ বাবা মোখলেসুর রহমান (৫০) অনেক কষ্টে কান্না চেপে রাখতে পারলেও মা তাহমিনা বেগম (৪৫) বার বার ডুকরে কেঁদে উঠছেন। তিন ভাইয়ের মধ্যে তরিকুলই ছিলেন বড়ো। অন্য ভাই দুটি ছোট, স্কুলে নীচের ক্লাসে পড়ে। তারাও দিশেহারার মতো বাড়ির আঙিনায় ঘুরে ফিরছে।

জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে তরিকুলদের ফুলবাড়ীর চাঁদপাড়া গ্রামের বাড়িতে মঙ্গলবার ভর দুপুরে গিয়ে দেখা হয় হয় পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোখলেসুর রহমানের সঙ্গে।

অশ্র“ সজল চোখে তিনি জানান, ফুলবাড়ী হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তার ছেলে হত্যার বিচার দাবি করে শিগগিরই তিনি বিডিআরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন।

তিনি বলেন,‘আমার ছেলে তো আর ফিরবে না, কিন্তু আমি চাই যারা আমার ছেলেকে শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে হত্যা করেছে, সেইসব খুনীদের বিচার হোক’। 

তিনি বলেন, ‘আমি পুলিশের সঙ্গে কথা বলে জেনেছি, গত শনিবারের ওই সমাবেশে বিনা উস্কানীতে বিডিআর সম্পূর্ণ টার্গেট করে আমার ছেলের পিঠে গুলি করে খুন করেছে; অথচ একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জানি, বিডিআর এর এ ধরনের গুলি করার কোনো অধিকার নেই। তারা ম্যাজিস্ট্রেটের আদেশ পেলে খুব বেশী হলে জনতাকে ছত্রভঙ্গ করতে কোমরের নীচে, অর্থাৎ পায়ে গুলি করতে পারে’।

তিনি আহাজারি করে বলেন, ‘অথচ ওরা তরিকুলকে খুন করার উদ্দেশ্যেই আবাসিক এলাকার ভেতর (টেম্পো স্ট্যাণ্ডের পশ্চিম দিকের গলিতে) গুলি করেছে। এর বিরুদ্ধে আমি শিগগিরই এজন্য বিডিআর এর অধিনায়কসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে হত্যা মামলা করবো; কাউকে ছাড়বো না’।

গত শনিবার ‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির’ এশিয়া এনার্জির ফুলবাড়ী কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হাজার হাজার জনতার সমবেত হলে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে গুলি চালায়। এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে তিনজন গুলিতে নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে, তাদের মধ্যে তরিকুলও আছেন।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তরিকুল ইসলাম রাজশাহীতে বেসরকারি নিউ ডিগ্রী কলেজে ব্যাবস্থাপনা বিষয়ে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে পড়তো। তবে হাসপাতাল ও পুলিশের খাতায় ভুলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বয়স ২১ বছর বলা হয়েছে। কলেজ ছুটি হওয়ায় বৃহস্পতিবার সে বাড়িতে বেড়াতে আসে। আর দুদিন পরেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।

নিহতের বাবা মোখলেসুর রহমান আরো বলেন, ‘আমার ছেলে সব সময়ই রাজনীতি থেকে দূরে থাকতো। পড়াশোনাতেই ওর মন ছিলো বেশী। সে চেয়েছিলো এমবিএ পাশ করে ছোট ভাই দুটির লেখাপড়ার দায়িত্ব নেবে। কিন্তু তরিকুলের সব স্বপ্ন ওরা এক গুলিতে শেষ করে দিয়েছে’।

তিনি আরো বলেন, ‘ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে যেহেতু এলাকাবাসীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন জড়িত, তাই তরিকুল যখন ফুপাতো ভাই রানার সঙ্গে ওই সমাবেশে যোগ দিতে চায়, তখন আমি তাকে আর নিষেধ করিনি। আর আমার ওই অনুমতি দেওয়াটাই ওর জীবনের জন্য কাল হলো’!