২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য জুয়েলের ৬৪ বছর কারাদণ্ড

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের ‘এহসার’ সদস্য এনায়েত উল্লাহ জুয়েলকে অস্ত্র ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় মোট ৬৪ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন সোমবার এ রায় দিয়েছেন। রায় দেওয়ার সময় জুয়েলকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

সোমবারের রায়ে জুয়েলকে পিস্তল ও শুটারগান রাখার দায়ে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর কারাদণ্ড, ছোরা ও গুলি রাখার দায়ে ১৪ বছর ও বিস্ফোরক মামলায় ২০ বছর সাজা দেন বিচারক। রায়ে বলা হয়, পর্যায়ক্রমে এ সাজা কার্যকর হবে। মাওলানা আবদুস সামাদের ছেলে জুয়েলের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বর্ষাপাড়া গ্রামে। 

রায়ে বলা হয়, জুয়েলকে গত বছরের ডিসেম্বরে গাজীপুরের আদালত অঞ্চলে নিজ শরীরে বোমা বহন ও তা বিস্ফোরণের দায়ে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকা কালে জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১টি পিস্তল, ৩টি দেশি বন্দুক, কয়েক রাউন্ড গুলি, কয়েকটি ছোরা ৩ কেজি বারুদ ও ব্যাটারি উদ্ধার করে।

মামলার বিচারকালে ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।

রায় শুনে জুয়েল সন্তুষ্টি প্রকাশ করে ‘্আলহামদুলিল্লাহ’ বলে। এ সময় সে বিচারকের কাছে জেলখানায় নামাজ সহ ধর্মীয় শিক্ষা নেওয়ার সুবিধা দাবি করে।