২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাসের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ আগামী একমাসের মধ্যে তিন মন্ত্রীর সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নেতারা বলেছেন, এক মাসের মধ্যে চুক্তি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আর এই আন্দোলন হবে সংস্থাপন সচিবসহ চার সচিবের বিরুদ্ধে।

পরিষদের উদ্যোগে সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির মহাসচিব সালেহউদ্দিন সেলিম।

উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি আব্দুল মান্নান, সহ - সভাপতি এমদাদ হোসেন তালুকদার, এসএ ছাত্তার, অতিরিক্ত মহাসচিব এমএ হান্নান, তেছেম আলী শেখ, মোহাম্মদ আলী প্রমুখ।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষদের ৫ দফা দাবির ব্যাপারে আন্তরিক। কিন্তু আমলাদের কারণে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না।

তারা বলেন, গত ৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলী রোডের বাসভবনে দুই মন্ত্রী ও দুই সচিবের উপস্থিতিতে কর্মচারিদের ৫ দফা দাবির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির ফলে দাবিগুলো সরকারের কাছে স্বীকৃতি পায়।

চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত এক লাখ ২০ হাজার উন্নয়ন খাতের কার্যভিত্তিক ও কন্টিজেন্সি কর্মচারির চাকরি রক্ষা পাবে। একইসঙ্গে সড়ক ও জনপদ অধিদপ্তরের ৭ হাজার কার্যভিত্তিক কর্মচারির বেতন আগামী ২০০৭ সালের জুন পর্যন্ত বর্ধিতকরণ ও উন্নয়ন খাতের যেসব কর্মচারি রাজস্ব খাতে আসেনি তাদের ভোগান্তি লাঘব হবে।

নেতারা অভিযোগ করেন, চুক্তি স্বাক্ষরের পর সংস্থাপন সচিব মাহবুবুর রহমানের বিদেশ ভ্রমণের কারণে চুক্তি বাস্তবায়নে দেরী হচ্ছে।

তারা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট তিন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।