৮ হাজার টাকা দিতে না পারায় ২ বছরের শিশু চিরতরে হারালো তার দৃষ্টিশক্তি
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে রোববার চিকিৎসকের অবহেলায় অন্ধ হয়ে গেছে দুই বছরের শিশু জাহেদুল্লাহ।
চিকিৎসার পুরো টাকা আগাম পরিশোধে ব্যর্থ হওয়ায় শিশু জাহেদুল্লাহর চোখের অস্ত্রোপচার অসমাপ্ত রেখেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান আক্তার নেহার।
সূত্র জানায়, শ্যামলীর পিসিকালচার হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত গোল্ডেন হাসপাতালের অন্যান্য রোগী এবং রোগীদের আত্মীয় - স্বজন এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, চোখের পাথর অপসারণের জন্য জাহেদুল্লাহকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এ বাবদ মোট ৮ হাজার টাকা ধার্য করে।
রোগীর বাবা পুরো টাকা আগাম পরিশোধে ব্যর্থ হওয়ায় অস্ত্রোপচার অর্ধসমাপ্ত রেখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন ডা. আখতার নেহার। পুরো টাকা পরিশোধ না করায় তিনি রোগীর পরিবারের সদস্যদের গালিগালাজও করেন।
আরও একটি সূত্র জানায়, পরিস্থিতি বুঝতে পেরে অন্যান্য ডাক্তাররা তখন অস্ত্রোপচার সম্পন্ন করতে গেলেও শেষরক্ষা হয়নি। ততক্ষণে শিশু জাহেদুল্লাহর চোখ একেবারেই নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।
