২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক নামে ডিসিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, রুল জারি

ডিসিদের জেলা প্রশাসক নামে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ রিট মামলায় হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আদালত জেলা প্রশাসকদের ‘ডেপুটি কমিশনার’ লেখার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, এ ব্যাপারে আগামী ছয় সপ্তাহের মধ্যে সরকারের সংস্থাপন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ছয়জনের কাছে ব্যাখা চেয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ রোববার আনসারের কমান্ডিং অফিসার একেএম খাদেমুল ইসলামের দায়ের করা জনস্বার্থ রিট মামলার প্রেক্ষিতে ওই আদেশ দেন।

একইসঙ্গে আদালত ফায়জুল কবির ও আবদুল গণিকে যথাক্রমে চাপাইনবাবগঞ্জ ও বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারেও ওই ছয় কমকর্তাকে ব্যাখ্যা দিতে বলেছেন।

রিট আবেদনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল ক্ষমতার মালিক সংবিধান অনুযায়ী জনগণ। স্বাধীন ও সার্বভৌম এ দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে। এখানে কোনো ঔপনিবেশিক শাসন নেই। সংবিধানের কাঠামো অনুযায়ী এ দেশে কোন শাসক বা প্রশাসক থাকতে পারে না।

এতে আরো বলা হয়, সরকারী গেজেট অনুযায়ী ইংরেজী ডেপুটি কমিশনার শব্দের বাংলাও হবে ডেপুটি কমিশনার।

এছাড়া ফয়জুল কবির ও আবদুল গণিকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের আগে সংবিধান অনুযায়ী সুপ্রীম কোর্টের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

এতে আরো বলা হয়, এসব কারণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে তাদের নিয়োগ সংবিধান পরিপন্থি ও অবৈধ। একইভাবে দেশের ৬৪ জেলায় ডেপুটি কমিশনারদের জেলা প্রশাসক নামে নিয়োগও অবৈধ।

রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এমকে রহমান। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত রুল জারি করেন।