২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোনের লোকাল কলে বাধা থাকায় টেলিযোগাযোগ সম্প্রসারণ মাঝপথে থেমে আছে

টিএন্ডটি বোর্ডের বিল ব্যবস্থা এবং কারিগরি উন্নয়নের অভাবে বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোনের লোকাল কলের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:43 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

 টেলিযোগাযোগ খাতের সম্প্রসারণ মাঝপথে থেমে আছে।

বাংলাদেশ টেলিকম অপারেটরস অ্যাসোসিয়েশন (বিটিওএ) শনিবার জানায়, জেলা পর্যায়ে টেএন্ডটি সুইচ ও কল রেটিং ডিভাইস না থাকায় বেসরকারি ল্যান্ডফোনের গ্রাহকরা স্থানীয়ভাবে এবং সরাসরি তাদের লোকাল কল নিশ্চিত করতে পারছেন না।

বেসরকারি ফোন এবং পিএসটিএন (পাবলিক সুইচ টেলিকম নেটওয়ার্ক) অপারেটররা বিটিটিবির ঢাকা স্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বেসরকারি অপারেটরের ফোনে লোকাল কল করে থাকে। আর্থিক বিবেচনায় এ প্রক্রিয়াটি সাশ্রয়ী নয়।

অন্যদিকে বিটিটিবির লোকাল এক্সচেঞ্জে লোকাল বিল হিসাব করার মতো কল রেটিং ডিভাইস না থাকায় বেসরকারি পিএসটিএন অপারেটরদের একই অঞ্চলের আওতাভুক্ত জেলাগুলোতে লোকাল কল করার অনুমতি দেওয়া হয় না।

বিটিটিবির মতে, বিষয়টি বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোন অপারেটরদের জন্য সমস্যার হলেও কারিগরি সীমাবদ্ধতা এক রাতে দূর করা যাবে না।

তবে এ সমস্যার যথার্থ সমাধান দরকার বলে বিটিটিবির পক্ষ থেকেও জানানো হয়।

বিটিওএ বিডিনিউজকে জানায়, বিদ্যমান সীমাবদ্ধতার কারণে গ্রাহকরা ল্যান্ডফোনের চেয়ে সেল ফোনই বেশি পছন্দ করে।

বিটিওএর এক সদস্য জানান, গ্রাহকরা বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের মধ্যে ন্যূনতম কল রেটে কথা বলার সুবিধা চায়। লোকাল গ্রাহকদের এ দাবি খুব স্বাভাবিক বলে তিনি জানান।

বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোন অপারেটরদের মধ্যে বর্তমানে প্রচলিত আন্তঃসংযোগ চুক্তি অনুযায়ী বিটিটিবিতে এনডব্লিউডি কল করার জন্য বেসরকারি অপারেটরদের ৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে মিনিট প্রতি ১ দশমিক ২০ টাকা, ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে মিনিট প্রতি ২ দশমিক ৪০ টাকা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে মিনিট প্রতি ৩ দশমিক ৬০ টাকা পরিশোধ করতে হয়।

বিটিটিবি থেকে পিএসটিএন এ কল করার জন্য বিটিটিবি মিনিট প্রতি মাত্র দশমিক ২০ টাকা করে পরিশোধ করে থাকে।

একই অঞ্চলের মধ্যে কল করার ক্ষেত্রে বেরসরকারি অপারেটররা মিনিটপ্রতি দশমিক ৫০ টাকায় লোকাল কল সুবিধা দিতে পারে।

একই অঞ্চলের মধ্যে লোকাল কল সুবিধার ক্ষেত্রে বিটিটিবি তাদের গ্রাহকদেরও এ ধরনের সুবিধা দিতে পারে।

লোকাল কলের ক্ষেত্রে রাজস্ব বিনিময়ের বিষয়টি উঠিয়ে নেওয়ার জন্য বিটিওএ বিটিটিবির কাছে প্রস্তাব রাখলেও বোর্ড তা প্রত্যাখ্যান করে।

বাণিজ্যিক ভিত্তিতে ল্যান্ডফোন চালু করার জন্য পিএসটিএন অপারেটরদের মধ্যে রয়েছে, র‌্যাংকস টেলিকম লিমিটেড, ওয়েস্টটেক লিমিটেড (বে ফোন), টেলিবার্তা লিমিটেড (যুবক ফোন), জালালাবাদ টেলিকম লিমিটেড (বিজয় ফোন), ওয়ানটেল কমিউনিকেশনস লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, সেবা ফোন এবং পিপলস টেলিকম অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।

উত্তর - পূর্ব, দক্ষিণ - পূর্ব, উত্তর - পশ্চিম এবং দক্ষিণ - পশ্চিম অঞ্চলে বেসরকারি ল্যান্ডফোন চালু করার জন্য সরকার ১৯ পিএসটিএন অপারেটরের ৩৭ টি লাইসেন্স অনুমোদন করেছে। কিন্তু বিটিটিবি এবং বেসরকারি ল্যান্ডফোন অপারেটরদের মধ্যে লোকাল কল সুবিধা না থাকা এক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে।