২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হয়নি আজ, পরবর্তী তারিখ ১১ সেপ্টেম্বর

রায় তৈরি হয়নি বলে এরশাদের বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতি মামলার রায় রোববার হয়নি। ১১ সেপ্টেম্বর এ মামলায় রায়ের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার সাক্ষ্যগ্রহণও আজ হয়নি। ২০ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়া হবে।

প্রসঙ্গত পদচ্যুত রাষ্ট্রপতি এরশাদ এ মাসেই দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় খালাস ও অপর দুই মামলায় অব্যাহতি পেয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় এরশাদ দলের লোকজন নিয়ে মিছিল করে আদালতে আসেন। বিচারক এজলাসে বসেই দ্রুত দুটি মামলার পরিবর্তিত তারিখ জানিয়ে দেন। সোনা চোরাচালান মামলায় নয় সাক্ষীর মধ্যে ছয়জনকে আদালতে নিয়ে আসার জন্য পাবলিক প্রসিকিউটরকে তাগিদ দেওয়া হয়।

ক্ষমতায় থাকাকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে এবং ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইন ভঙ্গ করে পাঁচ মন্ত্রীসহ ৪৯ ব্যক্তিকে গুলশান, বনানী, বারিধারা ও উত্তরার আবাসিক এলাকায় প্লট বরাদ্দ দিয়ে নিজে ও অন্যদের লাভবান করার অপরাধী এরশাদ, কাজী জাফর আহমেদ, মেজর জেনারেল (অব) কাজী গোলাম দস্তগীর, এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পাঁচ মন্ত্রী ১৩ জন সরকারী কর্মচারী ও ৩১ জন বেসরকারী ব্যক্তিকে বেআইনিভাবে প্লট বরাদ্দের জন্য ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় এ মামলা করা হয়েছিল।

১৯৯০ সালের ৯ জুলাই বিমান বন্দর থেকে শুল্ক কর্মকর্তারা দুই বিদেশীসহ চার যাত্রীকে আটক করে। তাদের কাছ থেকে আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার তোলা স্বর্ণ উদ্ধার করা হয়। সম্পুরক চার্জশিটে এ মামলায় এরশাদকে আসামি করে গোয়েন্দা পুলিশ।