২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজীগঞ্জে বিরল পদ্মফুল, এলাকায় নারী - পুরুষের ঢল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের পদুয়া গ্রামের একটি বাড়ির পুকুরে প্রায় অর্ধশত পদ্মফুল ফুটেছে। বিরল প্রজাতির এসব পদ্মফুল দেখতে হাজার হাজার মানুষ প্রতিদিন ওই গ্রামে ভীড় জমাচ্ছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

হিন্দু সম্প্রদায় ঘটনাটির সঙ্গে দৈব যোগসাজশ রয়েছে বিশ্বাস করে প্রতিদিন ফুলের পাপড়ি ও পুকুরটির জল নিয়ে যাচ্ছেন ভক্তিভরে। অনেকেই পাপমুক্তির লক্ষ্যে এতে নেমে øানও সেরে নিচ্ছেন।

মানুষের ঢল সামাল দিতে ও ফুলগুলো রক্ষার জন্য স্থানীয় তরুণরা মিলে গঠন করেছেন ‘পদ্মপাতা ও ফুল সংরক্ষণ কমিটি’। কমিটির পক্ষ থেকে দিন - রাত ফুলের পুকুরটি পাহারা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে ওই গ্রামে গিয়ে পুকুরের পাড়ে অসংখ্য লোকজনকে ভীড় করতে দেখা গেছে। পুকুরটির মালিক হরেকৃষ্ণ মাস্টারের ছেলে দীপক সরকার বিডিনিউজকে জানান, পুকুরটির মূল মালিক পাঁচজন, তারা বাবা হরেকৃষ্ণ মাস্টার, রাখাল মন্ডল, গোগেষ মন্ডল, হরেকৃষ্ণ মন্ডল ও আব্দুর রব হাজী।

তিনি জানান, পুকুরটিতে গত ১৫ জুলাই সর্বপ্রথম একটি পদ্মফুল ফোটে। তারপর থেকে আস্তে আস্তে পুকুরের মাঝখানে প্রায় অর্ধশত ফুল ফুটেছে, দিন দিন ফুলের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, অনেক বছর আগে এই পুকুরটিতে পদ্মফুল ফুটতো। হঠাৎ এক রাতে পুরো পুকুর পদ্ম শূণ্য হয়ে যায়। বিরল ওই ঘটনার পর থেকে গ্রামটির নামই হয়ে যায় ‘পদুয়া’।

ওই ঘটনাটিকে সমর্থন করে গ্রামবাসী ধীরেন্দ্র চন্দ্র মন্ডল (৮৫) ও যোগেশ চন্দ্র মন্ডল (৭৫) বিডিনিউজকে বলেন, আমাদের যখন পাঁচ - ছয় বছর বয়স তখন আমরা এই পুকুরটিতে পদ্মফুল  ফুটতে দেখেছি। কিন্তু হঠাৎ একদিন একসঙ্গে সমস্ত ফুল অদৃশ্য হয়ে যায়।

প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজার সময় পদ্মপাতা ও ফুল ব্যবহার করে। পদ্মফুলকে হিন্দু শাস্ত্রে ফুলের দেবতা বলা হয়েছে।

এদিকে হিন্দু ধর্মালম্বী অধ্যুষিত গ্রামটির ওই পুকুরে দীর্ঘদিন পর পদ্মফুল ফোটার খবরে ধর্মভীরু হিন্দু সম্প্রদায় পদ্মপাতা, ফুলের অংশ ও পুকুরের পানি নিয়ে যাচ্ছেন। আবার কেউ বা নিয়ত করে ভক্তিভরে পুকুরে গোসল করছেন। আবার অনেকে পুকুরের পানি অতি পবিত্র মনে করছেন বলে বোতলে করে পানি নিয়ে যাচ্ছেন।

প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন উপলক্ষ্যে পুকুর পাড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি চায়ের দোকানও। বেশ উঃসবমুখর, জমজমাট একটা ভাব চারদিকে।