২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা খুনের ঘটনায় এক আসামির স্বীকারোক্তি

রাজধানীর উত্তরায় নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) সৈয়দ মঈনউদ্দিন আহমদের হত্যাকান্ডে গ্রেপ্তারকৃত সিকিউরিটি কমান্ডার আব্দুল মজিদ এ হত্যার কথা স্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

 উত্তরা থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, গত ২১ আগস্ট রাতে গ্রেফতারকৃত সিকিউরিটি কমান্ডার আব্দুল মজিদ জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এর বিস্তারিত তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, মজিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রিমান্ড শেষে মজিদকে আদালতে পাঠানো হয়।

এদিকে এ হত্যাকান্ডে গ্রেফতারকৃত অপর আসামী তুরাগের হরিরামপুর পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার ও উত্তরা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফাজ্জামানকে (৩৮) দুদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআই গিয়াসউদ্দিন জানান, এ পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার মূল আসামি জুট ব্যবসায়ী আনোয়ার হোসেন চিশতী এবং মনিরুল ইসলাম ওরফে মনির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

১৯ আগস্ট ভোর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মঈনুদ্দিন আহমেদকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। 

এ ব্যাপারে নিহতের ছেলে মেজর সৈয়দ মুজাক্কির আহমদ ওরফে রুবেল বাদি হয়ে উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর থেকে মূল আসামিরা গা ঢাকা দিয়েছে।