উত্তরায় ডাকাত বেশে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাকে হত্যা, মোহাম্মদপুরে নৈশপ্রহরী খুন
রাজধানীর উত্তরায় এসএম আহমেদ (৬০) নামে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে খুন করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুরে একটি হাউজিং কোম্পানীর নিরাপত্তা প্রহরীকে শনিবার রাতে খুন করেছে দুর্বৃত্তরা।
মোহাম্মদপুরে নিহত নিরাপত্তা প্রহরীর নাম মজিবুর রহমান (৪০)। তিনি মেট্রোপলিটন হাউজিংয়ে এক বছর ধরে কাজ করছিলেন।
উত্তরা থানা পুলিশ জনায়, উত্তরায় শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা জানালার গ্রিল কেটে তার শয়নকক্ষে ঢুকে লেফটেন্যান্ট কমান্ডার (অব:) এসএম আহমেদকে নৃশংসভাবে তাকে হত্যা করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের বাসার দুই গৃহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্ব শত্রুতার জের ধরে ডাকাতের বেশে পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা হরা হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা তার ঘর থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকাও লুট করে নিয়ে যায়।
একটি সূত্র জানায়, বিপত্নীক ওই সাবেক সেনা কর্মকর্তা (সেক্টর ১০, বাসা ১২) নীচতলার বাসায় একাই থাকতেন। নিহতের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জের চুনারপাড়ে।
হত্যাকান্ডের বিষয়ে নিহতের ছেলে মেজর সৈয়দ মুজাক্কির আহমেদ বলেন, তার বাবা উত্তরা ১০ নং সেক্টর কল্যাণ সমিতির সহ-সভাপতি ছিলেন। সমিতির উন্নয়ন ও এলাকার নিরাপত্তার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। স্থানীয় ব্যবসায়ীদের ভারী যানবাহন এলাকায় প্রবেশে বাধা দেয়ার কারণে স্থানীয় কিছু ব্যবসায়ীর সাথে তার বিরোধ ছিল। এ কারণে ওই অসাধু ব্যাবসায়ী চক্র এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে ওই সমিতির নিরাপত্তা কমান্ডার মজীদ জানান, পিকআপ ভ্যান প্রবেশে বাধা দেওয়ার কারণে কয়েকদিন আগে তুরাগের হরিরামপুর ইউনিয়নের ইউপি সদস্য ও উত্তরা থানা বিএনপি নেতা মোস্তফা জামান এবং ঝুট ব্যবসায়ী মনিরুল ইসলাম নিহতের বাড়িতে এসে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় উত্তরা থানায় একাধিক জিডি করা হয়েছে।
এ ব্যাপারে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নাঈমুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং হত্যাকারীদের অচিরেই গ্রেপ্তার করা হবে।
পুলিশের এডিসি (নর্থ) রেজাউল করিম মল্লিক বলেন, এর আগে উত্তরা থানায় যাদের বিরুদ্ধে জিডি হয়েছে তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য একাধিক দল অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।
এদিকে হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ সকাল ১০ টার দিকে উত্তরা থানা বিএনপি নেতা ও তুরাগের হরিরামপুর ইউনিয়নের ইউপি সদস্য মোস্তফা জামানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর দুইটার দিকে এলাকাবাসী উত্তরা থানা ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়।
অপর ঘটনায় মোহাম্মদপুরে মেট্রোপলিটন হাউজিংয়ের নিরাপত্তা প্রহরী মজিবুর রহমানের গলাকাটা লাশ বাবর রোডের ১/৭ নম্বর বাড়ির গার্ডরুমের খাট থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। তার বাম কানে সামান্য কাটা রয়েছে। তবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি।
মজিবুর রহমানের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বাকেরগঞ্জ জেলার রূপসী গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল কামী।
