জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম গুরুতর অসুস্থ
জাতীয় অধ্যাপক ও খ্যাতিমান চিকিৎসক ড. নুরুল ইসলাম(৮৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার সকালে এক বৈঠক চলাকালে তিনি অজ্ঞান হয়ে পড়লে বিশেষ একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকা নিয়ে আসা হয়।
অধ্যাপক ইসলামকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক চলাকালে সকাল সোয়া ১০টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয় এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর সিএমসিএইচ এর ডাক্তাররা অধ্যাপক নূরুল ইসলামকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
বিকেলে তাকে একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ইউএসটিসি সূত্র জানায়।
অধ্যাপক নূরুল ইসলাম গত শুক্রবার চট্টগ্রামে এসেছিলেন।
