যশোরে ডা. আকরাম হত্যাকান্ডের প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি কর্মসূচি
যশোরের অভয়নগর উপজেলায় ডা. আকরাম আলী মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে রোববার থেকে যশোর জেনারেল হাসপাতালসহ আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শনিবার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত বিক্ষোভ - সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিএমএ যশোর জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএ এর সহ - সভাপতি ডা. সৈয়দ হাসান ইমাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. এবিএম খসরু, বিএমএ এর কেন্দ্রীয় নেতা ডা. আক্তারুজ্জামান, জেলা সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক, ডা. আবুল কালাম আজাদ লিটু প্রমুখ। সমাবেশ শেষে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ব্যবসায়ী ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা শোক মিছিল বের করেন।
গত ১৩ আগস্ট রাতে অভয়নগরে ডা. আকরাম আলী মোল্লা দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন।
