পাবনার সুজানগরে পরিস্থিতি থমথমে, হয়রানি ও পাল্টা হামলার ভয়ে ২০টি গ্রাম পুরুষ শূণ্য
পাবনার সুজানগরে বৃহস্পতিবার পুলিশ ও চরমপন্থীদের সংঘর্ষের পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের হয়রানি ও পাল্টা হামলার ভয়ে আশেপাশের প্রায় ২০ গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার আহত অবস্থায় গ্রেপ্তারকৃত আরও এক চরমপন্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জন।
পাবনা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের প্রত্যন্ত সারিরভিটা গ্রামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের এক গোপন সভা চলাকালীন সময়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ও পুলিশের দুটি রাইফেল ছিনিয়ে নেয়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে ১০ জন চরমপন্থী ঘটনাস্থলেই ও পরে একজন মারা যায়। এসময় চার পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
এদিকে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে নুরুল ইসলাম নামে অপর এক চরমপন্থীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।
বন্দুকযুদ্ধে প্রায় ৫০০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে পুলিশ ২০০ রাউন্ড গুলি বিনিময়ের কথা স্বীকার করেছে।
এদিকে বৃহস্পতিবারের এ ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশী হয়রানি ও চরমপন্থীদের পাল্টা হামলার ভয়ে সারিরভিটা, হাসামপুর, খলিলপুর, সাগরকান্দি, নাখারাজপুর, বাদাই, সাগতাসহ আশপাশে ২০টি গ্রামের পুরুষরা পালিয়ে গেছে।
পাবনার পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী বিডিনিউজকে জানান, গ্রামবাসীরা চরমপন্থীদের ভয়ে তাদেরকে কোনরকম তথ্য দিয়ে সাহায্য করছে না। ফলে চরমপন্থীদের গ্রেপ্তার করা তদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই চরমপন্থীদের ধরার জন্য জেলার বিভিন্ন স্থানে কম্বিং অপারেশন চালানো হবে ।
পুলিশের পক্ষ থেকে নিহতদের চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সঙ্গে জড়িত হিসেবে দাবী করলেও সংগঠনটি পুলিশের এ দাবী অস্বীকার করে সাংবাদিকদের জানায়, নিহতদের সাথে তাদের দলের কখনও কোনরকম যোগাযোগ ছিল না ।
জানা গেছে, গত কয়েক বছরে চরমপন্থীরা ঐ এলাকায় বেশ সত্রি“য় হয়ে উঠেছিল।তারা খুন, ডাকাতি, ধর্ষণ, নারী অপহরণ ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। চলতি বছর তাদের হাতে অন্তত ৫০ জন খুন হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। লোকজন এদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে উঠেছিল। এদের মৃত্যুতে পুরো এলাকায় স্বস্তি নেমে এসেছে।
