পাহাড়ি ঐতিহ্য ও আইন মেনে পার্বত্য ভূমি সমস্যার সমাধান প্রয়োজন: গোলটেবিল আলোচনায় বক্তারা
সমতলের ভূমি সমস্যার আলোকে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান আদৌ সম্ভব নয়। পাহাড়িদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও স্থানীয় আইন মেনে নিয়েই পাহাড়ের ভূমি সমস্যার সমাধান করতে হবে। এ জন্য প্রয়োজন শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন।
নগরীর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি: পাহাড়িদের অধিকার, শান্তিচুক্তি, বিদ্যমান আইন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও গ্লোবাল নেটওয়ার্ক ফর দি প্রিভেনশন অব টরচার (জিএনপিটি) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি নিউ এজ’র সম্পাদক নূরুল কবির, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, ড. সাদেকা হালিম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন জিএনপিটির সমন্বয়কারী ফজলুস সাত্তার ও খাগড়াছড়ির হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা।
উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, পাহাড়ের ভূমি সমস্যার সমাধান করতে গিয়ে আঞ্চলিক সমস্যা যাতে বৃদ্ধি না পায়, সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, পার্বত্য ভূমি সমস্যার সমাধান শান্তিচুক্তির আলোকেই করতে হবে। এ জন্য আমরা বেআইনী লিজ বাতিল করাসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছি। তবে চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের এ বিষয়ে আন্তরিক হতে হবে।
নূরুল কবির বলেন, পাহাড়ে বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সঙ্গে সংহতি বজায় রেখেই সেখানের ভূমি সমস্যার সমাধান খুঁজতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি না থাকলে এ সমস্যার সমাধান করা কঠিন। এজন্য সামগ্রিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
শক্তিপদ ত্রিপুরা বলেন, ১৯৭৯ - ৮৩ সালে সরকারি উদ্যোগে পাহাড়ে বাঙালি সেটেলারদের বসতি দেওয়া হয়। এর মাধ্যমে জটিল করা হয়েছে পাহাড়ের ভূমি সমস্যা।
