২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ২ সপ্তাহে নিউমোনিয়া, ভাইরাস জ্বর ও হিটস্ট্রোকে ১৭ জনের মৃত্যু

কুড়িগ্রাম জেলায় গত দুই সপ্তাহে নিউমোনিয়া, ভাইরাস জ্বর ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নিউমোনিয়ায় ৯, ভাইরাস জ্বরে ৬ এবং হিটস্র্টোকে মৃতের সংখ্যা ২জন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 10:14 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা যায়, কুড়িগ্রাম জেলায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে ভাইরাস জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ছাড়াও লোকজন হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার আমিনুল ইসলাম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত নয়টি শিশুর মৃত্যু হয়েছে। তবে হিটস্ট্রোকে মৃত্যুর হিসাব তারা রাখেন না। প্রচন্ড গরমের কারণে প্রতিদিন আনেক রোগীই হাসপাতালে ভর্তি হচ্ছে।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুর জামাল বাবলু জানিয়েছেন, তার এলাকার মালভাঙ্গা গ্রামের ধরনী চন্দ্র (৫০) ও নুর ইসলাম (৩৫) হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে লেবু (৯ দিন), রুমা (৪০ দিন), কৌশিক (২ মাস), বেবী (১ মাস), মোহসিন (৩ মাস), আরিফ (১), নিশি (২), সিরাজুল (১৩ দিন) এবং স্বপন (দেড় বছর) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।  

উলিপুর উপজেলার ধরনীবাড়ী গ্রামের রাশেদুল (৮), নারিকেল বাড়ী গ্রামে রোবাইয়া (৯), বুড়াবুড়ি গ্রামে বাবু (৭), রৌমারী উপজেলার নয়ারচর গ্রামে আবুল হোসেন (৪৫), দিয়ারচর গ্রামের শহিদুর রহমান (২৬) ও রাজারহাট উপজেলার নাজিমখান এলাকার ময়না (১০) ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। 

কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২১টি শিশু এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু শিশু বেডের সংখ্যা কম হওয়ায় হাসপাতালের বারান্দায় বিছানা পেতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. গিয়াসউদ্দিন জানান, প্রচণ্ড গরমের কারণে জেলায় নিউমোনিয়াসহ অন্যান্য রোগের প্রকোপ বেড়ে গেছে। হাসপাতালে ভর্তির পাশাপাশি আউটডোরেও রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। মাঠে কাজ করতে গিয়ে শ্রমজীবী মানুষ বেশি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং ঘামে ভিজে থাকার কারণে সর্দি - কাশি হচ্ছে।

এ অবস্থা মোকাবেলা করার জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক পর্যায়ের ওষুধ দিয়ে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।