সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় শুনানির উদ্যোগ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও কমিশনের দুই সদস্যের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলায় শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের বেঞ্চে এ সংক্রান্ত একটি আবেদন উপস্থাপন করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।
ভোটার তালিকা নিয়ে আদালতের রায় অমান্য করায় বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছিলেন।
ওই বেঞ্চের আদালত অবমাননা মামলার এখতিয়ার না থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে আইনজীবীরা মামলাটির শুনানির ব্যবস্থা করার জন্য প্রধান বিচারপতির কাছে যান।
প্রধান বিচারপতি যে বেঞ্চ রুল জারি করেছিল সেই বেঞ্চে শুনানির জন্য আবেদন করতে বলেন। বৃহস্পতিবার একটি আবেদন সংশ্লিষ্ট সেকশনে দায়ের করা হয়। আগামী রোববার ওই বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানির জন্য এই বেঞ্চে একই সঙ্গে আবেদন জানানো হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
